গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. আব্দুল খালেক জানান, সোমবার উপজেলার সিনাবহ এলাকায় ‘মিম-নুন ফেব্রিক্সের’ শ্রমিকরা কারখানার সামনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ করে।
কারখানার ডায়িং সেকশনের শাকিল মিয়া বলেন, “গত দুই মাস ধরে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিয়েই যাচ্ছে। বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করায় আমরা বিক্ষোভ করছি।”
শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক আব্দুল খালেক বলেন, সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার গেটে তালা ও বন্ধের নোটিশ দেখতে পায়। এরপর তারা বিক্ষোভ শুরু করে এবং ভাংচুরের চেষ্টা চালায়।
পরে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জানিয়ে তিনি বলেন, “দুপুরে শ্রমিক প্রতিনিধি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ২৯ অক্টোবর বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কারখানা এলাকা ত্যাগ করে।”
কারখানার ম্যানেজার মো. রাশিদুল ইসলাম বলেন, শিপমেন্ট বাতিল হওয়ায় অর্থাভাবে শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে রোববারও শ্রমিকরা বিক্ষোভ করে। এরই প্রেক্ষিতে রাতে সাময়িক বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
তবে, সেপ্টেম্বরের বেতন আগামী ২৯ অক্টোবর এবং অক্টোবরের বেতন ১০-১৫ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানান তিনি।
