২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে প্রশ্ন ফাঁসের সত্যতা পাওয়া যায়নি: বিএমএ

তদন্ত করলেও মেডিকেলে প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 12:41 AM

Updated : 22 Aug 2022, 01:39 PM

বাংলাদেশে চিকিৎসকদের সংগঠনটি রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ‘ভিত্তিহীন ও অমুলক’।

চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে এক দল নাগরিক ‘গণতদন্ত কমিটি’ গঠন করে।

ওই কমিটি গঠনের পর বিএমএ অভিযোগ তদন্তের উদ্যোগ নেয়।

বিএমএ’র বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তথ্য ও প্রমাণ চাওয়া হলেও তারা তা দিতে পারেননি।

“গত ১৯ অক্টোবর শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সভায় তাদের কাছে এ সংক্রান্ত তথ্য ও প্রমাণে চাওয়া হলে তারা দিতে পারেননি। তথ্য ও প্রমাণ দেওয়ার জন্য আরও সময় চাইলে বিএমএ ২১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত সময় দেয়। কিন্তু তারা এতে অপারগতা প্রকাশ করে ও কবে তথ্য ও প্রমাণ দিতে পারবে, এমন কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় দিতে পারেননি।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“এ ঘটনা পর্যালোচনা করে এটাই মনে হচ্ছে যে, মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে, তার নৈতিক ও সুনির্দিষ্ট ভিত্তি নেই।”

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থী আয়াতুল্লাহ হাসনাত বিএমএ নেতাদের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাদের সঙ্গে দুই দফা আলোচনা হয়। আলোচনায় বিএমএ তদন্ত কমিটি করার কথা বলে। আমরা বলেছিলাম, তদন্ত কমিটিতে আমাদের প্রতিনিধি রাখার জন্য, কিন্তু তারা রাজি হননি।

“দ্বিতীয় দিনের আলোচনায় আমরা বলেছিলাম, তদন্ত কমিটিতে আমাদের প্রতিনিধি না রাখলে আমরা আমাদের কাছে থাকা তথ্য প্রমাণ দেব কি না, সেটা তিন দিন পর জানাব। তিন দিন পর জানতে পারি, তারা আমাদের তথ্য প্রমাণ ছাড়াই তদন্ত শেষ করে ফেলেছেন।”

“আমরা তাদেরকে কোনো তথ্য প্রমাণই দিইনি। তাহলে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি বলে তারা বলেন কী করে,” প্রশ্ন করেন হাসনাত।

সরকারের পক্ষ থেকেও প্রশ্ন ফাঁসের অভিযোগ নাকচ করা হচ্ছে।

পুরনো খবর:

মেডিকেলে ভর্তির ‘প্রশ্ন ফাঁস’: ‘গণতদন্ত কমিটি’ গঠন