মেডিকেলে ভর্তির ‘প্রশ্ন ফাঁস’: ‘গণতদন্ত কমিটি’ গঠন
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে ১৭ সদস্যের ‘গণতদন্ত কমিটি’ গঠন করা হয়েছে, যারা ২০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দেবে।
এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনও প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির টিচার্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ‘গণতদন্ত কমিটি’ ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।
তাকে আহ্বায়ক করে গঠিত ১৭ সদস্যের এই কমিটিতে বিভিন্ন পেশার ব্যক্তিরা রয়েছেন। এ মধ্যে দুই চিকিৎসক রয়েছেন, তারা হলেন ফজলুর রহমান ও শাকিল আকতার।
কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আহমেদ কামাল, গীতি আরা নাসরীন, অধ্যাপক মোশাহিদা সুলতানা ও সামিনা লুৎফা, তানজিম উদ্দিন খান।
এছাড়াও রয়েছেন অধ্যাপক এ এন রাশেদা, আইটি বিশেষজ্ঞ ফিদা হক, প্রকৌশলী ম. এনামুল হক, কলামনিস্ট আবুল মকসুদ, সাংবাদিক আবু সাঈদ খান, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, গায়ক মাহমুদুজ্জামান বাবু।
সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ বলেন, “আগামী ২৩ অক্টোবরের মধ্যে এ কমিটি বিস্তারিত কার্যক্রম পরিচালনার দিক নির্ধারণ করব।
“আগামী ৩০ অক্টোবর টিএসসিতে গণশুনানির আয়োজন করা হবে। ওই গণশুনানিতে সকলেই অংশগ্রহণ ও নিজস্ব বক্তব্য দিতে পারবেন। সরকার চাইলে তাদের প্রতিনিধিও পাঠাতে পারেন। আগামী ২০ নভেম্বর এই কমিটি জনসম্মুখে রিপোর্ট পেশ করবে, যেহেতু কমিটির জনস্বার্থে গঠিত হয়েছে।”
ফাইল ছবি
কমিটি সম্পর্কে তিনি বলেন, “গণতদন্ত কমিটি কয়েকটি বিষয়কে মাথায় রেখে কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে- প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে শিক্ষার্থীর যে অভিযোগ তুলেছে তার সত্যতা নিরূপণ করা। এক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে।
“এ পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভিন্ন পত্রিকায় যেসকল প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করব।”
তিনি বলেন, “প্রশ্ন প্রণয়ন ও ভর্তি ব্যবস্থাপনা যেভাবে হয়েছে সেটার মধ্যে শক্তি ও দুর্বল দিকগুলো কী সেটা আমরা পর্যালোচনা করব এবং এর মধ্যে কী কী ঘটনা ঘটেছে সেগুলো পর্যালোচনা করব।”
আনু মুহাম্মদ বলেন, “সরকার ও যাদের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ আনা হয়েছে বা সরকারের যেসকল সংস্থা এর সাথে কোনো না কোনোভাবে যুক্ত, সে সকল সংস্থার কী বক্তব্য এবং তারা কী কী যুক্তি দিয়ে প্রশ্ন ফাঁস হয়নি বলে দাবি করছেন তাদের যুক্তিগুলো গ্রহণ করব।”
এই কমিটির দুই সদস্যসহ কয়েকজন পরীক্ষার্থী পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, মহাসচিব ইকবাল আর্সলানসহ চিকিৎসকদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বিএমএর এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গেও কথা বলেছেন। প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের সিদ্ধান্তও নিয়েছেন।
গত মাসে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে অভিযোগ করে পরীক্ষার্থীদের একটি অংশ ও বিভিন্ন ছাত্র সংগঠন নানা কর্মসূচি পালন করে আসছে।
এই পরীক্ষাটি গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করে পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি নাকচ করে আসছেন।
