বগুড়ায় পূজামণ্ডপে অগ্নিসংযোগের অভিযোগ
বগুড়া সদরে লক্ষ্মী পূজা ও কালী পূজা সামনে রেখে তৈরি একটি মণ্ডপ ভস্মীভূত হয়েছে।
রোববার ভোরে ঠনঠনিয়া বটতলা হিন্দুপাড়া কালী মন্দিরে এ ঘটনায় মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেখানে বসানো একটি মূর্তিও পড়ে ভেঙে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সুব্রত কুমার রায় জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই মন্দিরে প্রার্থনা হয়। এর কিছুক্ষণ পর মন্দিরের পেছনের দেয়ালের সঙ্গে লাগোয়া মণ্ডপে আগুন দেওয়া হয়।
আগুন নেভাতে প্রথমে এলাকার হিন্দু-মুসলিম সম্মিলিতভাবে চেষ্টা করে। পরে দমকল বাহিনী এসে তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নেভায়।
ওই কালী মন্দিরের পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে একটি শিবের মূর্তি ভেঙে গেছে এবং লক্ষ্মী পূজার জন্য নির্মিত প্যান্ডেল পুড়ে গেছে।
লক্ষ্মী পূজা ও কালি পূজা সামনে রেখে এই মণ্ডপ তৈরি করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, “দুশ বছরের পুরনো এই মন্দিরে এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।”
বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারার অংশ হিসেবে’ এই মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে।
“এবার দুর্গা পূজার সময়ও বগুড়ায় কোনো পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূজার প্যান্ডেলের কাগজে আগুন লেগেছিল, পরে নেভানো হয়েছে।”
দুপুরে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করা হয়নি বলে জানান তিনি।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
