চালক ও গার্ডকে মারধর, রেলপুলিশের ২ সদস্য প্রত্যাহার
সিরাজগঞ্জে রাজশাহী মেইল ট্রেনের সহকারী চালক ও গার্ডকে মারপিটের ঘটনায় রেলপুলিশের (জিআরপি) দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার সকালে সিরাজগঞ্জ জিআরপির উপ-পরিদর্শক মজিবুর রহমান ও কনস্টেবল আবুল কালামকে প্রত্যাহার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে রেলপুলিশের সুপার সিদ্দিকী তানজিলুর রহমান জানিয়েছেন।
একটি লাশ তোলাকে কেন্দ্র করে রাজশাহী মেইল ট্রেনের সহকারী চালক আনিছুর রহমান ও গার্ড আনোয়ার হোসেন শনিবার জিআরপি পুলিশের কয়েক সদস্যের মারপিটের শিকার হন।
এ ঘটনার প্রতিবাদে রাত ৮টা থেকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রুটে ট্রেন বন্ধ করে দেওয়া হয়। সাড়ে ৪ ঘণ্টা পর রাত পৌনে ১টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং জানান, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর অভিযুক্ত জিআরপি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে রাজশাহী মেইলের প্রধান চালক রাতে ট্রেন নিয়ে ঈশ্বরদী রওনা হন।
আহত সহকারী চালক ও গার্ড এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই ট্রেন চালু নিয়ে জটিলতা কাটে বলে জানান ব্রেনজন।
ঘটনা তদন্তে প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠনেরও ঘোষণা দেন তিনি।
এর আগে কর্মীদের মারপিটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রেলের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি করার কথা বলেছিলেন পশ্চিমাঞ্চল রেলের ডিভিশনাল ম্যানেজার (পাকশী) আফজাল হোসেন।
