২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত তিনজন উদ্ধার

কক্সবাজার থেকে অপহরণের একদিন পর সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 11:37 AM

Updated : 22 Aug 2022, 01:36 PM

রামু থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, শনিবার ভোর ৪টার দিকে সদরের ঈদগাঁও ইউনিয়নের গজালিয়ার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবু তৈয়ব (৪০),  একই ইউনিয়নের তুফান আলী পাড়ার আবুল ফজলের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮) ও তার বন্ধু শাহ আলম (২৭)।

শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে বাইশারীতে ফেরার সময় দুর্বৃত্তরা তাদের অপহরণ করে বলে জানান তিনি।

ওসি বলেন, ছয় জন অ্যাম্বুলেন্সে করে বাইশারী ফিরছিলেন। পথে কক্সবাজারের ঈদগাঁও ঢালা এলাকায় সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতি রোধ করে আবু তৈয়ব, আবু বক্কর ও শাহ আলমকে অপহরণ করে দুর্বৃত্তরা।

পরে তাদের পরিবারের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

শুক্রবার দিনভর ও শনিবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

কে বা কারা কী উদ্দেশ্যে তাদের অপহরণ করেছিল সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি  এ পুলিশ কর্মকর্তা।