২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনার কারণ ‘এক্সপানশন জয়েন্ট’!

মোটরসাইকেল আরোহীদের দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারের ‘এক্সপানশন জয়েন্ট’; গত দুই বছরে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে সেখানে।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 09:46 AM

Updated : 12 Oct 2022, 04:19 PM

ফ্লাইওভারের কয়েক জায়গায় সড়কের সমান্তরালে কংক্রিটের সংযোগস্থলগুলো মোড়ানো হয়েছে ইস্পাতের পাত দিয়ে, যাকে ‘এক্সপানশন জয়েন্ট’ বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই জোড়ায় স্বাভাবিকের তুলনায় বেশি ফাঁক থাকায় তা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফ্লাইওভার নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“সুইজারল্যান্ডের ম্যাগেবা নামের একটি প্রতিষ্ঠানের ভারতীয় কারখানা থেকে এই এক্সপানশন জয়েন্ট তৈরি করা হয়েছে এবং তাদের প্রকৌশলীদের সরাসরি তত্ত্বাবধানেই বসানো হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই আমরা এক্সপানশন জয়েন্টগুলো তৈরি করেছি।”

২০১৩ সালের অক্টোবরে চালু হওয়া ১১ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার দিয়ে গুলিস্তান থেকে শনিরআখড়া ও পোস্তগোলা পর্যন্ত যাতায়াত করা যায়। চার লেইনের ফ্লাইওভারে উঠতে ছয়টি এবং বের হতে সাতটি পথ রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক অধ্যাপক শামসুল হক জানান, সড়ক বা সেতুতে ‘এক্সপানশন জয়েন্ট’ কতটুকু ফাঁক থাকলে যানবাহনের সমস্যা হবে না, তা ঠিক করা আছে।

মেয়র হানিফ ফ্লাইওভারের এক্সপানশন জয়েন্টগুলোতে পৌনে এক থেকে এক ইঞ্চির মতো ফাঁক তৈরি হয়েছে, যা সেই মাত্রার চেয়ে বেশি হতে পারে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। 

মোটরসাইকেলের তুলনামূলক সরু চাকা লম্বালম্বি ওই ফাঁকে পড়লে চালক নিয়ন্ত্রণ হারাচ্ছেন। বাহনের গতি বেশি থাকলে ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

পুলিশের খাতায় আসা দুর্ঘটনার তথ্য অনুযায়ী এসব দুর্ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা শতাধিক।

গত জুলাই মাসে এরকম এক দুর্ঘটনায় আহত হন চঞ্চল আহমেদ নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফ্লাইওভারে ওঠার পর সরু ফাঁকে মোটরসাইকেলের চাকা পড়ল; আমি নিয়ন্ত্রণ হারালাম। ভাগ্য ভালো যে শুধু আহত হয়েছি; পেছনে কোনো গাড়ি থাকলে নিশ্চিত মৃত্যু হত।”

Image
‘এক্সপানশন জয়েন্ট’র এই ফাঁকেই যত গড়বড়

‘এক্সপানশন জয়েন্ট’র এই ফাঁকেই যত গড়বড়

প্রায় একই অভিজ্ঞতা হয়েছে কাঁটাবনের মোটরসাইকেল মেকানিক মো. ইউনূসের।

“ওইখানে গিয়া হঠাৎ মনে হইল বালুতে যেমনে পিছলায়া যায় চাক্কাডা সেইরকম পিছলাইল। আমি কুনো রকমে গাড়ি খাড়া করাইয়া দেহি দুই জোড়ার চিপার মইদ্দে আটকাইছে।”

ইউনূস জানান, এই ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়ার পর ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল নিয়ে আরও অনেকেই তার দোকানে গেছেন।

“এইরকম অন্তত পাঁচটা মোটরসাইকেল আমি সারাই করছি। এক্কেবারে ভাইঙ্গাচুইরা গেছিল।”

গত ৩১ আগস্ট রাতে মোটরসাইকেলে ফ্লাইওভার পার হওয়ার সময় চাকা পিছলে গেলে পেছন থেকে আসা থাকা বাসের চাকায় প্রাণ যায় জহিরুল ইসলাম (৪০) ও আমজাদ হোসেন পাশার (৪২)।

ওয়ারি থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, “দুই জয়েন্টের মাঝখানে লোহার মতো কিছু একটা দেওয়া আছে। স্পিড বেশি থাকলে বা বৃষ্টি হলে অনেক সময় পিছলে যায়। জহিরুল ও আমজাদের মৃত্যু এভাবেই হয়েছে বলে আমাদের ধারণা।”

এর আগে গত ২৪ জুলাই একইভাবে মৃত্যু হয় মুজিবুর রহমান নামে আরেক মোটরসাইকেল আরোহীর। ৭ জুন নিহত হন দুই সহোদর নজরুল ইসলাম (৩৫) ও মেহেদী হাসান (২৮)।

যাত্রবাড়ী থানার উপপরিদর্শক মো. আব্দুল্লাহ বলেন, “দুর্ঘটনার ধরনগুলো প্রায় একইরকম। দ্রুতবেগে যাওয়ার সময় মোটরসাইকেল জয়েন্টে পিছলে পড়ছে। পরে অন্য কোনো গাড়ি তাদের চাপা দিচ্ছে। জয়েন্টগুলো পার হওয়ার সময় একটু উনিশ-বিশ হলেই ঘটছে দুর্ঘটনা।”

চলতিবছর ১১ ফেব্রয়ারি শামীম রেজা নামে এক মোটরসাইকেল আরোহী একইভাবে মারা যান। দ্রুতবেগে ফ্লাইওভার অতিক্রমের সময় পিছলে পড়ে গত বছরের ২ নভেম্বর জ্যাকি হোসেন নামে এক স্কুল ছাত্র নিহত হন, আহত হন তার পেছনে থাকা আরও দুজন।

বাংলাদেশ সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের (বিআরটিএ) অগাস্টের পরিসংখ্যান অনুযায়ী, নিবন্ধন নিয়ে ঢাকার রাস্তায় চলাচল করছে ৩ লাখ ৬৫ হাজার ৭৭টি মোটরসাইকেল।

Image
ঝুঁকি নিয়েই মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতে হচ্ছে মোটরসাইকেল চালকদের

ঝুঁকি নিয়েই মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতে হচ্ছে মোটরসাইকেল চালকদের

পরিসংখ্যানের বাইরেও প্রচুর মোটর সাইকেল চলাচল করছে জানিয়ে মেয়র হানিফ উড়াল সড়কে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ‘এক্সপানশন জয়েন্টগুলো’ মেরামতের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সেইসঙ্গে চালকদের আগে থেকে সচেতন করতে ফ্লাইওভারে বার্তা রাখারও পরামর্শ দিয়েছেন তারা।

বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসাবে এ ফ্লাইওভারের ব্যবস্থাপনা, টোল আদায় ও রক্ষণাবেক্ষণ করছে ওরিয়ন গ্রুপ।

ফ্লাইওভারে দুর্ঘটনার জন্য ‘এক্সপ্যানশন জয়েন্ট’ নয়, মোটরসাইকেলের অতিরিক্ত গতিকে দায়ী করেছেন ওরিয়ন গ্রুপের হানিফ ফ্লাইওভার প্রকল্পের ব্যবস্থাপক শাহাজাহান আলী পাটোয়ারী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“এক্সপ্যানশন জয়েন্ট তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি, সঠিক মাপ, মাত্রা এবং সকল ধরনের নিয়ম কোড নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ‘AASHTO LFRD 2007’ ডিজাইন কোড অনুসরণে এগুলি প্রস্তুত করা হয়েছে।

“উক্ত ডিজাইন অনুযায়ী প্রস্তুতকৃত এক্সপ্যানশন জয়েন্টগুলির মাঝের ফাঁকাসমূহও ডিজাইন কোড অনুসরণে বসানো হয়েছে, যা স্ট্যান্ডার্ড।

“মটরসাইকেল দুর্ঘটনার কারণ কোনোভাবেই ‘এক্সপ্যানশন জয়েন্ট’ নয়। এটির মূল কারণ মটরসাইকেলের অতিরিক্ত গতি।ডিজাইন স্পিড অমান্য করে প্রতিযোগিতামূলকভাবে চালানো এবং ওভারটেকিং দুর্ঘটনার মূল কারণ।”