২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসর্জনে দেবীকে বিদায়

ঢাকের বাদ্য আর সিঁদুর খেলা শেষে বিসর্জনের মধ্য দিয়ে ‘কৈলাসে দেবালয়ে’ ফিরলেন ‘দুর্গতিনাশিনী দেবী’, সাঙ্গ হল বাঙালি হিন্দুর সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসবের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 04:24 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

দশ দিন আগে মণ্ডপে মণ্ডপে মহালয়ায় এ উৎসবের সূচনা হয়েছিল। বৃহস্পতিবার বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ আর ‘দর্পণ বিসর্জনের’ মধ্য দিয়ে ঘটে দুর্গা পূজার শাস্ত্রীয় সমাপ্তি। আর একদিন পর শুক্রবার হল প্রতিমা বিসর্জন।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে যান কৈলাসে স্বামীর ঘরে। এক বছর পর নতুন শরতে আবার তিনি আসবেন ‘পিতৃগৃহ’ এই ধরণীতে।

হিন্দু পঞ্জিকা মতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছেন, গেলেন দোলায় (পালকি) চড়ে।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বেলা আড়াইটায় বুড়িগঙ্গার ওয়াইজঘাটের বিনাস্মৃতি স্নানঘাটে আদি মরণচাঁদ, নবকল্লোল পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি জানান, বিভিন্ন ঘাটে রাজধানীর ২২৫টি মণ্ডপের প্রতিমা একে একে বিসর্জন দেওয়া হয়।

কক্সবাজার ও চট্টগ্রামে প্রতিমা বিসর্জন চলে সাগর সৈকতে। একইভাবে সারা দেশে বিভিন্ন নদী ও জলাশয়ে চলে বিসর্জনের পর্ব। 

ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা জানান, মূলত ‘দর্পণ বিসর্জনের’ মাধ্যমে আগের দিনই দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়েছে। মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিমা থেকে ঘটে এবং ঘট থেকে আবার ভক্তের হৃদয়ে ‘মাকে’ নিয়ে আসাকে বিসর্জন বলে। 

বিসর্জনের আগে শুক্রবার সকাল থেকে ঢাকার মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা আর আনন্দ উৎসব। দুপুরে নগরীর বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে প্রতিমা এনে জড়ো করা হয় পলাশীর মোড় ও ঢাকেশ্বরী পূজা মণ্ডপ এলাকায়।

এরপর সেখান থেকে ক্রমিক নম্বর নিয়ে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাক-ঢোলের সনাতনি বাদ্যের সঙ্গে আধুনিক উচ্চস্বরের সাউন্ড সিস্টেমে দেবী বন্দনার গানে গানে শোভাযাত্রা করেন ভক্তরা।

পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার (পেট্রোল) মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার ঢাকেশ্বরী মন্দির থেকে পলাশী-কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে নবাবপুর রোড থেকে সদরঘাট হয়ে ওয়াইজঘাটে বুড়িগঙ্গা তীরে শেষ হয় শোভাযাত্রা।

স্বল্পগতিতে চলা ট্রাক ও পিকআপ ভ্যানে চড়া পূজারিদের পাশাপাশি অনেকে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন।

কয়েক হাজার মানুষের এ শোভাযাত্রার সময় বিভিন্ন সড়কে জট দেখা যায়।

প্রতিমা ঘাটে নিয়ে আসার পর ভক্তকূল শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতিতে মেতে ওঠে। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেওয়া হয়।

ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত নারায়ণ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিসর্জন শেষে মন্দিরে শান্তির জল নিয়ে আসা হয়; সন্ধ্যায় মণ্ডপে করা হয় আশীর্বাদ।”

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের জানান, প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি নৌ-পুলিশ ও র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামে প্রতিমা বিসর্জন সাগর সৈকতে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, পতেঙ্গা সমুদ্র সৈকতে সিঁদুরের উৎসব আর বাধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ‘দুর্গতিনাশিনী দেবী’কে বিদায় জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা।

সাগর সৈকতে বিসর্জন পর্ব শুরু হয় শুক্রবার সকাল থেকেই। রাত ১০টা পর্যন্ত নগরী ও আশপাশের এলাকার অন্তত ১৬০টি প্রতিমা সেখানে বিসর্জন দেওয়া হয় বলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু জানিয়েছেন।

বিসর্জনের আগে দুর্গা প্রতিমা নিয়ে সারি সারি ট্রাকের শোভাযাত্রা দেখা যায় পতেঙ্গার সমুদ্র সৈকতের পথে। নাচে-গানে আর প্রাণোচ্ছ্বাসে প্রতিটি ট্রাকই ছিল উৎসবমুখর।

এদিকে বিসর্জনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পাঁচ প্লাটুন পুলিশ ও বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ প্লাটুন পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, কমিউনিটি পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা সৈকতে দায়িত্ব পালন করেছেন।

কক্সবাজারে সৈকতে প্রতিমা বিসর্জন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জনের সময় এলাকাটি সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার দেশি-বিদেশি পর্যটকের মিলনমেলায় পরিণত হয়।

প্রায় দেড় লাখের বেশি মানুষের এই সমাবেশে হিন্দুদের ঢাকের বাদ্য আর সিঁদুর খেলার আনন্দ-উল্লাসের পাশাপাশি ছিল ‘দুর্গা দেবীকে’ বিদায় দেওয়ার বিষাদ ছায়া।

বিসর্জনের এই দিনে সৈকতের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় সম্প্রীতি সমাবেশের, যাতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশে বর্তমান সরকারকে ‘সংখ্যালঘুবান্ধব’ সরকার অভিহিত করে মন্ত্রী বলেন, “এ বছর সারাদেশে ২৯ হাজারের বেশি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে। এতো বেশি পূজামণ্ডপে আর কখনও এ উৎসব পালিত হয়নি।”

সম্প্রীতি সমাবেশে মন্ত্রী ছাড়াও স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত দাশসহ জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপার বক্তব্য রাখেন।

পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত দাশ জানান, এ বছর কক্সবাজার সমুদ্র সৈকতে ১২০টির বেশি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

এছাড়া চকরিয়ার মাতামুহুরী নদী, রামুর বাঁকখালী নদী, টেকনাফের নাফ নদীতেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

সম্প্রীতি সমাবেশ শেষে শুরু হয় প্রতিমা বিসর্জন।

এর আগে সৈকতের লাবণী পয়েন্টে বেলা ১টার পর থেকে জেলা শহর ও আশপাশের এলাকার মণ্ডপের প্রতিমার পাশাপাশি পাশের জেলা বান্দরবান থেকেও ট্রাকে করে শোভাযাত্রা সহকারে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে প্রতিমা আনা হয়।

এসময় প্রতিমা বহনকারী ট্রাকগুলোয় বাদ্য-বাজনা বাজানোর পাশাপাশি দেবী বন্দনায় ভক্তদের নানা রকম গানে মুখর দেখা যায়।

সৈকতে প্রতিমা নিয়ে আসার পর বিজয়া মঞ্চের সামনে শেষবারের মত আরতির মাধ্যমে ‘দুর্গতিনাশিনী দেবী’ দুর্গাকে বিদায় জানানো হয়।