২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শ্রমিক লীগ নেতাসহ ৩ জন মাদকসহ গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী উপজেলায় ওয়ার্ড পর্যায়ের এক শ্রমিক লীগ নেতাসহ তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 02:46 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

বৃহস্পতিবার মধ্যরাতে পৌর এলাকার দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি হারুন-অর রশিদ জানান।

গ্রেপ্তাররা হলেন- চর গনেশ গ্রামের হেলাল উদ্দিন (৩৭), চট্টগ্রামের ভূজপুর থানার বলিপাড়া গ্রামের আলা উদ্দিন (৩০) ও কুমিল্লার তিতাস থানার কলাকান্দি গ্রামের জাহেদুল ইসলাম (২৮)।

এদের মধ্যে হেলাল সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি বলে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাফিজ উল্লাহ জানিয়েছেন।

ওসি হারুন-অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম অভিযানে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে হেলালকে ৫১টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই সময়ে সোনাগাজী বাসস্ট্যান্ডের কাছে বাস মালিক সমিতির অফিসে অভিযান চালিয়ে তিনশ গ্রাম গাঁজা ও পাঁচটি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বাকি দুজনকে।

“তিনজনই দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য এনে সোনাগাজী এলাকায় পাইকারী ও খুচরা দরে বিক্রি করে আসছিল।”

তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও লিখিত অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।