২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা-ঘষিয়াখালী চ্যানেল পরিদর্শনে সচিবরা

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে সরকারি কর্মকর্তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাগেরহাটের রামপালে মংলা-ঘষিয়াখালী চ্যানেল পরিদর্শন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 05:23 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

বাগেরহাট ও মংলায় সরকারের বাস্তবায়নাধীন আটটি প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে দুই দিনের সফরের প্রথম দিন বৃহস্পতিবার সকালে এই প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ এই নৌ-চ্যানেল পরিদর্শন করে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিনিধি দলে জ্যেষ্ঠ সচিব ও সচিব পদ মর্যাদার ১১ জনের সঙ্গে ছিলেন যুগ্ম সচিব, উপ-সচিব এবং সরকারি বিভিন্ন প্রকল্পের পরিচালক মিলিয়ে অর্ধশতাধিক কর্মকর্তা।

এসময় মুখ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “সরেজমিন পরিদর্শন করলে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো সহজে চিহ্নিত করা সম্ভব হয়। এ জন্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সরেজমিনে এসেছেন।”

প্রতিনিধি দলটি সকাল ১০টার দিকে মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রামপাল উপজেলার কালীগঞ্জ এলাকায় পৌঁছায়।

পরে তারা নৌ-চ্যানেল খনন ও চ্যানেল সংলগ্ন সংযোগ খালগুলোর বাঁধ অপসারণ কাজের অগ্রগতি দেখতে যান।

বর্তমান সরকার শুরু থেকেই মংলা বন্দরকে সচল করতে কাজ করছে জানিয়ে মুখ্য সচিব বলেন, “চ্যানেলটি সচল হলে মংলা বন্দরও সচল হবে। একই সঙ্গে যাত্রী সুবিধার পাশাপাশি মংলা বন্দর থেকে সারাদেশে স্বল্প খরচে পণ্য পরিবহন সহজ হবে।”

মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল ছাড়াও দুই দিনে প্রতিনিধি দলের যেসব প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে; তার মধ্য রয়েছে- মংলা সমুদ্র বন্দর আধুনিকীকরণ, মংলায় নির্মাণাধীন আধুনিক খাদ্য গুদাম (সাইলো), মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), মংলায় বিশেষ অর্থনৈতিক জোন (বেজা), রামপালের কয়লাভিত্তিক মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র, ফয়লা এলাকায় খান জাহান বিমান বন্দর, রামপালের ৮৩ খাল পুনঃখনন ও ওইসব খালে চলমান অবৈধ বাঁধ অপসারণ এবং পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন দুটি পোল্ডারের কাজ।

পরিদর্শনের সময় এসব প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে প্রতিনিধি দলের।

বৃহস্পতি ও শুক্রবারে দুদিনের এই সফরের জন্য ঢাকা থেকে রওয়ানা হয়ে সরকারি কর্মকর্তাদের এই প্রতিনিধি দল বাগেরহাট পৌঁছায় বুধবার রাতে।

এর আগে ১৭ অক্টোবর প্রথা ভেঙে প্রথমবারের মত ঢাকার বাইরে মুন্সীগঞ্জে নিজেদের বাৎসরিক সভা এবং জেলার মাওয়ায় নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন ও সভা করেন সচিবরা, যাতে অংশ নেন ৪৩ সচিব।

 

পুরনো খবর:

পদ্মাপাড়ে ‘সচিব সভা’