২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মাপাড়ে ‘সচিব সভা’

প্রথা ভেঙে প্রথমবারের মত ঢাকার বাইরে সভা করলেন সচিবরা, যাতে অংশ নেন ৪৩ সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 04:57 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

শনিবার বেলা পৌনে ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই সভায় বিভিন্ন বিষয় নিয়ে ৪৩ জন সচিব আলোচনায় অংশ নেন।

সচিবদের আলোচনায় পদ্মা সেতু সর্বাধিক গুরুত্ব পায় বলে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।

Image
মুন্সীগঞ্জে পদ্মাপাড়ে সভা করার পর সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন সচিবরা

মুন্সীগঞ্জে পদ্মাপাড়ে সভা করার পর সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন সচিবরা

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, “পরবর্তীতে দেশের যে কয়টি মেগা প্রকল্প রয়েছে সেসব স্থানে সচিব সভা হবে, যাতে প্রকল্পে কাজের গতি বৃদ্ধিসহ যথাযথ সমন্বয় সাধন হয়। সরেজমিন এসে পরিস্থিতি দেখতে পারলে অনেক কিছুই পরিষ্কার বোঝা যায়।”

সচিবদের সভা শুরুর আগে সকাল ১০টায় পদ্মা সেতু নিয়ে একটি সভা হয়, যাতে সেতু কর্তৃপক্ষ সেতুর খুঁটিনাটি বিষয় এবং কাজের অগ্রগতি উপস্থাপন করে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ থেকে বিআরটিসির দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে সভাস্থল দোগাছির সার্ভিস এরিয়ায় যান সচিবরা।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ও পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকাদার এ সময় তাদের অভ্যর্থনা জানান।

Image
মুন্সীগঞ্জে পদ্মাপাড়ে সভা করার পর সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন সচিবরা

মুন্সীগঞ্জে পদ্মাপাড়ে সভা করার পর সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন সচিবরা

সভা ও ব্রিফিং শেষে সচিবরা আবার একই বাসে করেই পদ্মাসেতুর প্রকল্প এলাকা মাওয়া চৌরাস্তা বরাবর পদ্মাপারে গিয়ে নির্মাণাধীন কাজ সরেজমিন পরিদর্শন করেন। সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক লি জং ইয়াং সচিবদের সেতুর কাজ নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দেন।

এসময় পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

পরে সচিবদের ওই দল সেখান থেকে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড পরিদর্শনে যান। সেখান থেকে সার্ভিস এরিয়া-১ এ ফিরে মধ্যাহ্ন ভোজ সারেন তারা।

দুপুরের খাবারে ছিল ডাল-ভাতের সঙ্গে পদ্মার ইলিশ ও আইড় মাছ এবং ভাজি। এছাড়া বিক্রমপুরের ঐতিহ্যবাহী রসগোল্লা এবং দইও ছিল।

মধ্যাহ্ন ভোজের পর সচিবরা নির্ধারিত বাসে করে ঢাকার পথে রওনা হন।