কেরানীগঞ্জে বাসচাপায় নিহত ৩
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় বাসচাপায় তিন লাকড়ি বিক্রেতা নিহত হয়েছেন।
বুধবার মধ্যরাতে মোল্লারপুল এলাকার এ দুর্ঘটনায় আহত আরেক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, রহিম (৪০) নামের ওই আহত শ্রমিক আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহত শ্রমিকরা হলেন- মোজাম্মেল (৫৮), সামসু মোল্লা (৫০) ও দুলাল (৪২)। তারা সবাই লাকড়ি বিক্রেতা।
এসআই আমিনুল জানান, রাতে ওই চারজন কেরানীগঞ্জে আবদুল্লাহপুর এলাকা থেকে জ্বালানি কাঠ নিয়ে রিকশাভ্যানে করে ঢাকা-মাওয়া মহাসড়ক দিয়ে কেরানীগঞ্জ সদরে যাচ্ছিলেন।
পথে দোহারের জয়পাড়া থেকে ছেড়ে আসা আরাম পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
