২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আলাদা দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীর মোহাম্মদপুর ও উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মিরপুরে ট্রাক থেকে মাল নামানোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে  চালকের সহকারীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 02:03 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, বৃহস্পতিবার ভোরে মোহম্মদপুর বেড়িবাঁধের ঢাকা উদ্যান এলাকায় ট্রাকচাপায় মরণ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়।

মরণ শ্যামলী হাউজিং এলাকার বাসিন্দা। তার মৃতদেহ ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জামাল জানান।

বুধবার রাতে আব্দুল্লাহপুর ক্রসিং এর কাছে কভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হন বলে উত্তরা পশ্চিম থানার এসআই নূর আলম জানান।

পুলিশ নিহতের পরিচয় জানতে পারেনি। তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মিরপুর ১১ নম্বর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক থেকে মাল নামানোর সময় ট্রাকের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন চালকের সহকারী আহমদ আলী (৪৫)।

ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকরা ভোর সাড়ে ৪টার দিকে আহমেদকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।