নাটোরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিরাইল গ্রামে এ ঘটনার সময় প্রায় ৩৫টি বাড়ি ভাংচুর করা হয় বলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান।
নিহত আব্দুল হান্নান (৩৫) ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। হান্নান ইটালি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামের ছোট ভাই জাহিদুল ইসলাম জিন্নাহর সমর্থক ছিলেন।
জিন্নাহর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম আরিফের বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়দের ভাষ্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ ও জিন্নাহ দুজনেই ইটালি ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
জিন্নাহ ও তার সমর্থকরা সিংড়া উপজেলা পরিষদের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী শফিকুল ইসলামকে সমর্থন দিলেও আরিফ তা না করায় সম্প্রতি এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর মধ্যে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।
নাটোরের সিংড়ায় নিহত আব্দুল হান্নান
এক পর্যায়ে হান্নান তার বাড়ি থেকে বেরিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাকে ধরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে।
ওসি নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫/২০ অস্ত্রধারী হান্নানকে ধরে নিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে দুই পক্ষের আরও অন্তত ২০জন আহত হন।”
তিনি বলেন, হামলার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে কয়েকজনকে আটকও করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জাহিদুল ইসলাম জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরিফের সমর্থকরা পূর্ব বিরোধের জের ধরে এই হামলা চালায়।”
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আরিফ বলেন, “আমার লোকজন কেউ এতে জড়িত নয়।”
