টাঙ্গাইল উপনির্বাচন: বিধি লঙ্ঘনে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ
টাঙ্গাইল উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো অনুমতির প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়েছে ইসির উপসচিব সামসুল আলমের পাঠানো নির্দেশনায়।
বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা পাঠানো হয়।
বিধি লঙ্ঘনকারীকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা অর্থদণ্ড করা যাবে।
নির্বাচন কর্মকর্তারা জানান, আব্দুল কাদের সিদ্দিকী উপনির্বাচনকে সামনে রেখে প্রচারণার সময় শুরুর আগেই ১৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সভা, সমাবেশ, মিছিল-মিটিং, শোডাউন করেছেন। এ পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ শাখার পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়।
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলে বুধবার এ নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে।
কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর পদত্যাগে শূন্য টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনে আগামী ১০ নভেম্বর ভোট গ্রহণ হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে। এরমধ্য দিয়ে প্রচারণা শুরু করতে পারবেন তারা।
এখন পর্যন্ত আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী,ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইমরুল কায়েস ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ)আতাউর রহমান খানের প্রার্থিতা চূড়ান্ত রয়েছে।
নির্বাচন কমিশন
আদালতের নির্দেশনা সম্পর্কে সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, “কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের নির্দেশনার কথা শুনেছি, তবে এ বিষয়ে কোনো কাগজপত্র হাতে পাইনি।”
ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীকে প্রতীক বরাদ্দ নিয়ে দলের মধ্যে বিভক্তিও দেখা দিয়েছে।
এ নিয়ে নির্বাচন কর্মকর্তা তাজুল বলেন, “মনোনয়নপত্র বাছাইয়ের সময় দলের কেউ প্রতীক দেওয়া নিয়ে আপত্তি তোলেনি, নির্বাচন কমিশনেও এ বিষয়ে আপিল করেনি। আমরা বিধি মোতাবেক প্রতিদ্বন্দ্বীদের প্রতীক বরাদ্দ দেব।”
আগামী ২৮ অক্টোবর উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বৈঠক হবে। ইসির সম্মেলন কক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্টরা।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবসহ পুলিশ, বিজিবি, র্যাব, এসবি, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা ছাড়াও নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
