মনোনয়ন প্রত্যাহার কাদের সিদ্দিকীর দলের দুজনের
হাই কোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়ার পর টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেওয়া মনোনয়নপত্র তুলে নিলেন তার দলের দুই নেতা।
জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম বুধবার এ তথ্য জানিয়েছেন।
আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় এ উপ-নির্বাচনে বুধবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এদিন কৃষক-শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী ছাড়াও জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকীও মনোনয়নপত্র প্রত্যাহার করেছে বলে তাজুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। আর শেষ দিনে তিনপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।”
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা সর্ম্পকে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল বলেন, “কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের নির্দেশনার কথা শুনেছি। তবে এ বিষয়ে কোনো কাগজপত্র হাতে পাইনি।”
বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কথা রয়েছে বলেও জানান তিনি।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষ বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ বুধবার কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।
উচ্চ আদালতের এই আদেশে কাদের সিদ্দিকীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আর কোনো বাধা থাকছে না বলে তার আইনজীবী জানিয়েছেন।
কাদের সিদ্দিকী ছাড়া এখন পর্যন্ত আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী, ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি) ইমরুল কায়েস ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ)আতাউর রহমান খান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়।
উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাদের সিদ্দিকীর পাশাপাশি তার স্ত্রী নাসরিন সিদ্দিকী এবং দলের ওই দুই নেতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
ঋণ খেলাপের কারণ দেখিয়ে গত ১৩ অক্টোবর কাদের ও নাসরিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
এরপর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেও বিফল হন কাদের ও নাসরিন সিদ্দিকী।
পরে নির্বাচন কমিশনের এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০ অক্টোবর হাই কোর্টে রিট করেন কাদের সিদ্দিকী, যার শুনানি নিয়ে বুধবার আদেশ দেয় আদালত।
