ইইউকে অভিবাসন নীতি ‘মানবিক’ করার আহ্বান রওশনের
অভিবাসন প্রক্রিয়া আরও বেশি ‘গ্রহণযোগ্য ও মানবিক’ করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের(আইপিইউ) ১৩৩তম সম্মেলনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলে বিরোধী দলীয় নেতার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রওশন বলেন, “আইপিইউ-র সদস্যভুক্ত রাষ্ট্রগুলোকে অভিবাসন প্রক্রিয়ার ক্ষেত্রে কার্যকরী ও বাস্তবমুখী নীতি গ্রহণ করা প্রয়োজন, যাতে অভিবাসন প্রত্যাশীদের প্রতি আরও বেশি মানবিক হওয়া যায়। এক্ষেত্রে ইউরোপীয় উন্নত দেশগুলোকে এগিয়ে আসা উচিত।”
সম্প্রতি সিরীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপে ইউরোপীয় দেশগুলোর প্রশংসা করেন রওশন এরশাদ।
“সিরিয়ার সংকটে যেভাবে ইউরোপীয় দেশগুলো ওই দেশের শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসার যোগ্য। আমরা সবাই এক পৃথিবীর নাগরিক। এভাবে যদি সবাই সবার পাশে দাঁড়াই তাহলে আমরা একটি দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়তে পারব,” বলেন তিনি।
আইপিইউ’র চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আযাদ, হাজী মোহাম্মদ সেলিম, ফজলে হোসেন বাদশা ও আইপিইউ-এর ১৬৬টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
