কিবরিয়া হত্যা মামলায় আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে তিন সাক্ষীর জবানবন্দি শুনেছে আদালত।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিন সাক্ষী এই জবানবন্দি নেওয়া হয়।
সাক্ষী তিনজন হলেন- হবিগঞ্জের আব্দুল কাইয়ুম, মতিন মিয়া ও ইমান আলী।
ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) কিশোর কুমার কর জানান, সাক্ষগ্রহণের সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের বরখাস্ত মেয়র জিকে গৌছ, হুজি নেতা মুফতি হান্নানসহ গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন।
“অসুস্থতার কারণে সাক্ষ্যগ্রহণের প্রথম দিনের মত সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে উপস্থিত হতে পারেননি। ”
আদালত আগামী ২৮ ও ২৯ অক্টোবর এ মামলায় পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন ঠিক করেছে বলে জানান পিপি কিশোর।
সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন শেষে এ পর্যন্ত মোট চার সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্য নেওয়া হয়।
আলোচিত এ মামলায় আদালতের ১৭১ জনের জবানবন্দি শুনার কথা রয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
গ্রেনেড হামলার ১০ বছর পর ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর আলোচিত এ মামলায় বিচার শুরুর নির্দেশ দেয় আদালত।
এর আগে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।
মামলায় তিন দফা তদন্তের পর তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।
