চাঁদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
চাঁদপুরে এক নারীকে তার মাদকাসক্ত স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সদরের রহমতপুর আবাসিক কলোনির একটি বাসা থেকে সালমা বেগম (২২) নামে ওই নারীর লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. মামুনুর রশিদ বলেন, সালমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার স্বামী গফুর মিজিকে (২৫) আটকের চেষ্টা চলছে।
সবজি বিক্রেতা গফুরের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায়। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে ওসি জানান।
নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে বোনের সঙ্গে রহমতপুর আবাসিক কলোনিতে বসবাস করছেন।
“মদ খাওয়াকে কেন্দ্র করে সালমা ও গফুরের মধ্যে প্রায়ই ঝগড়া হত।মঙ্গলবার রাতেও মদ খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া হয়।”
এরই এক পর্যায়ে সালমাকে মারধর এবং পরে শ্বাসরোধে হত্যা করে বলে সাইফুল অভিযোগ করেন।
এ সময় পাশের ঘরে থাকলেও ঘটনা টের পাননি জানিয়ে তিনি বলেন, সকালে ঘরের মধ্যে বোনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই।
