গাইবান্ধায় যৌতুকের মামলায় পলাতক আসামির কারাদণ্ড
গাইবান্ধায় যৌতুক বিরোধী আইনে স্ত্রীর করা মামলার বিচারের রায়ে পলাতক এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. জেলাল মিয়া (৩৬) গাইবান্ধা সদর উপজেলার চুনিয়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ (ফুলছড়ি) এর বিচারক মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।
স্ত্রী শোভা রানীর দায়ের করা এই মামলায় কারাদণ্ডের পাশাপাশি জেলালকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুল মজিদ জানান, জেলাল মিয়া গ্রেপ্তার হওয়ার দিন থেকে দণ্ডভোগের মেয়াদ শুরু হবে।
শোভার আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন জানান, ২০১২ সালে ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের কাওছার আলীর মেয়ে শোভা রাণীর সঙ্গে জেলাল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর জেলাল এক লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে রাজি না হওয়ায় শোভাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি।
পরে ২০১৪ সালে শোভা রাণী বাদী হয়ে যৌতুক বিরোধী আইনে জেলাল মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন।
