২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দুর্বৃত্তের ছোড়া এসিডে গৃহবধূ দগ্ধ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এসিড ছুড়ে এক গৃহবধূর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 02:31 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

দগ্ধ মোছা. মোরশেদা বেগম (২২) উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ মাধবপাড়া গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী। তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি মোকলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে উপজেলার দক্ষিণ মাধবপাড়া গ্রামে এ ঘটনার পর দগ্ধ গৃহবধূর স্বামী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামি হিসেবে বাবুল হোসেন মণ্ডল (৫৫) নামে তাদের এক প্রতিবেশীকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

দগ্ধ গৃহবধূর পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোকলেছুর বলেন, পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন সোমবার রাত ৮টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা মোরশেদার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

এসিডে মোরশেদার মুখমণ্ডল, হাত ও পা ঝলসে যায়। পরিবারের সদস্যরা রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায়।

ওসি জানান, এ ঘটনার পর সোমবার মধ্যরাতে মোরশেদার স্বামী ইলিয়াস আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই তাদের প্রতিবেশী বাবুল মণ্ডলকে আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।