সাকা-মুজাহিদের রিভিউ শুনানি ২ নভেম্বর
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তাদের আপিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) যে আবেদন করেছেন, তা শুনানির জন্য আপিল বিভাগে উঠছে ২ নভেম্বর।
অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনে এই দিন ঠিক করে দেন।
দুই যুদ্ধাপরাধীর রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষ এই আবেদন করেছিল।
মঙ্গলবার চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে এ বিষয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল একরামুল হক টুটুল।
দুই আসামির পক্ষে শুনানি করেন করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির ও হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী।
অ্যার্টনি জেনারেল সাংবাদিকদের বলেন, রিভিউ আবেদন দুটির শুনানির তারিখ দ্রুত ঠিক করতে আবেদন করেন তারা। চেম্বার বিচারপতি আগামী ২ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন।
রিভিউ শুনানিতে পাঁচ পাকিস্তানিসহ আটজনের সাক্ষ্য নেওয়ার জন্য তাদের নামে সমন জারির একটি আবেদন সোমবার করেন সালাউদ্দিন কাদের।
মাহবুবে আলম বলেন, “আমি আগেই বলেছি সাফাই সাক্ষীর ব্যাপারটা হল মামলার বিষয়বস্তু। মামলার সময়ই এগুলো প্রমাণ করতে হয়।
“মামলা হয়ে গেছে, আপিল হয়ে গেছে, এখন রিভিউ। এই রিভিউতে কতখানি এটার সুযোগ আছে, এটা আদালতই দেখবেন।”
খন্দকার মাহবুব বলেন, “সাক্ষী হিসেবে যাদের সমন করার জন্য বা তাদের এফিডেভিট পুনর্বিবেচনা করার জন্য করা দরখাস্তও ২ নভেম্বর শুনানির জন্য আসবে।”
আদেশের পর খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী আটজনের সাফাই সাক্ষ্য নেওয়ার যে আবেদন করেছেন, সেই আবেদনও রিভিউয়ের সঙ্গে আদালতে যাবে।
আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করলে পরদিন দুই আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই দিনই কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ এবং গাজীপুরের কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায়, শুরু হয় রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের দিন গণনা।
নিয়মানুযায়ী, রায় পড়ে শোনানোর পর ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যায়। ওই সময় শেষ হওয়ার একদিন আগে গত ১৪ অক্টোবর দুই যুদ্ধাপরাধীর পক্ষে রিভিউ আবেদন করা হয়।
নিয়ম অনুযায়ী, রিভিউ নিষ্পত্তির আগে তাদের দণ্ড কার্যকর করা যাবে না। আর রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।
বর্তমানে উচ্চ আদালতে অবকাশ চলছে, তবে শুনানির জন্য অবকাশকালীন বেঞ্চ রয়েছে। অবকাশের পর ১ নভেম্বর থেকে নিয়মিত আদালত বসবে।
