পাকিস্তানিসহ ৮ জনের সাক্ষ্য শোনার আবেদন সাকার
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী তার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানিতে পাঁচ পাকিস্তানিসহ আটজনের সাফাই সাক্ষ্য নেওয়ার আবেদন করেছেন।
আদালতে এসে সাক্ষ্য দেওয়ার জন্য ওই আটজনের নামে সমন জারিরও আবেদন করেছেন তিনি।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলছেন, বিচারের এ পর্যায়ে এসে এ ধরনের আবেদন ‘নজিরবিহীন’।
সাকার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী জানান, সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেওয়া হয়।
যে আটজনের নামে সমন চাওয়া হয়েছে তারা হলেন- পাকিস্তানের স্থপতি মুনিব আরজুমান্দ খান, পাকিস্তানের ডন গ্রুপের চেয়ারম্যান আমবর হারুণ সায়গল, পাকিস্তানের সাবেক মন্ত্রী ইসহাক খান খাকওয়ানি, ভিকারুননিসা নূনের নাতি রিয়াজ আহমেদ নূন এবং পাকিস্তানের প্রাক্তণ তত্ত্বাধায়ক সরকারের প্রধান মোহাম্মদ মিয়া সুমরো।
বাকি তিনজন হলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক কূটনীতিক এম ওসমান সিদ্দিক, হাই কোর্ট বিভাগের বিচারক শামীম হাসনাইন ও তার মা জিনাত আরা বেগম।
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচার চলাকালে আসামিপক্ষে সালাউদ্দিন কাদের নিজে এবং তার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু নিজাম আহমেদ, এশিয়া-প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী সাক্ষ্য দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের পক্ষে বিচারিক আদালতে সাফাই সাক্ষীর যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান এবং বিচারপতি শামীম হাসনাইনেরও নাম ছিল। তবে তারা সাক্ষ্য দিতে যাননি।
মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামে হিন্দু ও আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক নিধন এবং নির্যাতন শিবির চালানোর দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর ফাঁসির রায় আসে। এরপর চলতি বছর ২৯ জুলাই আপিল বিভাগের রায়েও ওই সাজা বহাল থাকে।
গত ৩০ সেপ্টেম্বর আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরদিন আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি হয় এবং ওইদিনই গাজীপুরের কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।
সাকা চৌধুরীর আইনজীবী গত ১৪ অক্টোবর আপিল বিভাগের রায় পর্যালোচনার (রিভিউ) আবেদন করেন। এ বিষয়ে শুনানির তারিখ চেয়ে পরদিন আবেদন করে রাষ্ট্রপক্ষ, যা মঙ্গলবার চেম্বার আদালতে ওঠার কথা রয়েছে।
এই যুদ্ধাপরাধীর রিভিউ আবেদন নাকচ হয়ে গেলে সরকার তার দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে। তবে তার আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন তিনি।
‘নজির নেই’
সাকা চৌধুরীর আইনজীবীরা সোমবার নতুন করে সাফাই সাক্ষ্য নেওয়ার আবেদন করার পর অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “রিভিউ আবেদন ফাইল করতে হয় ১৫ দিনের মধ্যে। উনারা রিভিউ আবেদন দায়ের করেছেন এবং আজকে যে দরখাস্ত করেছেন এটা তো ১৫ দিনের অনেক পরে। এটা তো আমার মনে হয় তামাদি হয়ে গেছে। উনারা যত যুক্তি তুলে ধরতে চান সবটাই ওই ১৫ দিনের মধ্যে ধরতে হবে।”
রিভিউ আবেদনের পর এই আবেদন করা নিয়ে এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, “এ বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।… রিভিউ পিটিশনে এসে এরকম দরখাস্ত দিয়ে আবার সাক্ষী আনা ও সাক্ষী মানা… এ ধরনের উদাহরণ আমার জানামতে নেই।
“আমাদের আদালতেও এরকম কোনো নজীর আমি পাইনি।… এ ধরনের দরখাস্ত গ্রহণ করবেন কি না সেটা আদালতের বিষয়।”
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার শুনানিতেও সাকা চৌধুরী নানা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিলেন না। কিন্তু ট্রাইব্যুনাল ও আপিল বিভাগে তিনি যেসব যুক্তি দিয়েছিলেন তা আদালত ‘অবিশ্বাস করেছেন’।
“আজকে উনি আবার একটি দরখাস্ত দিয়েছেন অন্য কয়েকজন সাক্ষীকে আদালতে ডাকা হোক এবং সমন ইস্যু করা হোক। এটি আদালতের বিচার্য বিষয়, আদালত ঠিক করবেন। আমার জানামতে রিভিউ পিটিশনে ফৌজদারি বিষয়ে রিভিউয়ের স্কোপ খুবই সীমিত।”
ডেপুটি অ্যার্টনি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও মাসুদ হাসান চৌধুরী এ সময় অ্যার্টনি জেনারেলের সঙ্গে ছিলেন।
আপিল বিভাগ ‘পারে’
আবেদন করার পর সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাংবাদিকদের বলেন, “এখন আমরা আপিল বিভাগে দরখাস্ত করেছি যে সাক্ষ্য দিতে চাচ্ছে, তাদের সমন করতে।… যদি সেটা সম্ভব না হয়, তাহলে তাদের এফিডিভেটগুলো যাতে যথাযথ প্রক্রিয়ায় আনতে পারি সেই সুযোগ চাওয়া হয়েছে।”
এরপর সাংবাদিকরা জানতে চাওয়ার আগে খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব নিজেই বলেন, “এখন প্রশ্ন, এই (সুযোগ দেওয়ার) ক্ষমতা (আদালতের) আছে কি না। এই প্রশ্নটা অবশ্যই আসবে।
“কিন্তু আপিল বিভাগ দেশের সর্বোচ্চ আদালত। ন্যায়বিচারের জন্য আপিল বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, তা প্রয়োগ করে আদালত সিদ্ধান্ত দেবেন ন্যায় বিচারের স্বার্থে, আমরা আশাবাদী।”
সাকা চৌধুরীর আরেক আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানীও এ সময় উপস্থিত ছিলেন।
