২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিজির খান হত্যামামলায় গ্রেপ্তার দুজন আবার রিমান্ডে

পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যা মামলায় গ্রেপ্তার তারিকুল ইসলাম মিঠু ও আলেক ব্যাপারীকে  আরও ৫ দিন নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের সুযোগ পেয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 01:14 AM

Updated : 25 Apr 2022, 02:01 PM

তিন দিনের রিমান্ড শেষে এই জেএমবি সদস্যদের আরও ১০ দিন হেফাজতে চেয়ে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম ইউনুস খান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান এ আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা  উপ-পরিদর্শক আবু হানিফ।

টাঙ্গাইল থেকে তারিক এবং ঢাকা থেকে আলেককে গত ১৩ অক্টোবর গ্রেপ্তারের পর ১৫ অক্টোবরে তিন দিনের হেফাজতে পেয়েছিল পুলিশ।

এসআই আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কর্মকর্তা আরও তথ্য উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আবার রিমান্ড আবেদন করেন।”

রিমান্ড আবেদন বাতিল করে জামিন চেয়েছিলেন আসামিদের আইনজীবীরা। সেই আবেদনটি বিচারক নাকচ করে দেন বলে আদালত পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মধ্য বাড্ডায় নিজের বাড়িতে খুন হন ৬৮ বছর বয়সী খিজির খান। নিজের বাড়িতে একটি খানকা শরীফ ছিল তার, তাকে অনেকে পীর মানত।

বাসা ভাড়া নেওয়ার কথা বলে ৫/৬ জন তার বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

নিহত খিজিরের বাবার নাম হাবিব রহমত উল্লাহ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় তার বাড়ি। তিনি পীর ছিলেন। প্রায় ১২ বছর আগে তিনি মারা যাওয়ার পর পীরের ছেলে হিসেবে খিজির খানের শিষ্যত্ব নেন মুরিদরা।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।