টেকনাফে ৩ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে একটি নৌকা থেকে তিন লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।
তিন লাখ ইয়াবা উদ্ধার হলেও নৌকা থেকে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আল জাহিদ সাংবাদিকদের বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসার খবর পেয়ে শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদীর মোহনায় অবস্থান নেয় বিজিবির একটি দল।
“এক পর্যায়ে পাচারকারীরা নৌকা যোগে তীরের কাছাকাছি এলে থামার জন্য সংকেত দেয় বিজিবি সদস্যরা। এ সময় নৌকা থেকে ৩/৪ জন পাচারকারী নদীতে লাফিয়ে পড়ে। পরে বিজিবি সদস্যরা গিয়ে নৌকার পাটাতনের নিচ থেকে তিন লাখ ইয়াবা উদ্ধার করে।”
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা। ইয়াবাগুলো বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধীনে রয়েছে বলেও জানান বাহিনীর কর্মকর্তা আল জাহিদ।
