২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় সাইকেলআরোহী ৩ ভাই-বোন নিহত

রংপুর নগরীতে বাসের নিচে চাপা পড়ে বাইসাইকেলআরোহী তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী।

নিহতরা হলেন- ওই এলাকার অটোরিকশা চালক মমিন উদ্দিনের মেয়ে সুমাইয়া আক্তার (৬), ছেলে আব্দুস সালাম (৫) ও আশরাফুল ইসলাম (১৫)।

ওসি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছোট ভাই সালাম ও বোন সুমাইয়াকে নিয়ে বাইসাইকেল চালিয়ে আশরাফুল রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি কোচিং সেন্টারে যাচ্ছিল। দিনাজপুরগামী তিতাস পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়ার পথে সালাম এবং চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফুলের মৃত্যু হয়।

হাসপাতালের সহকারী পরিচালক বিমল কুমার বর্মণ বলেন, সোমবার রাত ৮টার দিকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) আশরাফুলের মৃত্যু হয়।

ঘটনার পর থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত দর্শনা মোড়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।