২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষকদের অবসরের বয়স নিয়ে প্রস্তাব চেয়েছে মন্ত্রিসভা

বিজ্ঞান গবেষকদের চাকুরি থেকে অবসরের বয়স বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 05:23 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে পার্শ্ববর্তী দেশে বিজ্ঞান গবেষকদের অবসরের ক্ষেত্রে যেসব নীতি অনুসরণ করা হয় তার ভিত্তিতে প্রস্তাব দিতে বলা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এই তথ্য জানান।

২০১৩ সালের ২৬ অগাস্ট বিজ্ঞানী ও গবেষকদের অবসরের বয়সসীমা আট বছর বাড়িয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এই আইন পাস হলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আওতাধীন গবেষকদের অবসরের বয়স ৫৯ বছর থেকে বেড়ে ৬৭ বছর হবে।

ওই সময় মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, “গবেষকদের বিশেষায়িত জ্ঞান কাজে লাগাতেই তাদের অবসরের বয়স বাড়িয়ে ৬৭ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আর সোমবারের মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলছেন, “এজেন্ডায় না থাকলেও আইনমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেছেন। কীভাবে এটা বাস্তবায়ন করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।

“মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে বিশ্বের অন্যান্য দেশে বিশেষ করে পার্শ্ববর্তী দেশে এক্ষেত্রে কী নীতি অনুসরণ করা হয়, কী নিয়ম-কানুন প্র্যাকটিস আছে তা দেখে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসতে হবে।”

পুরনো খবর:

গবেষকদের অবসরের বয়স ৬৭ বছর হচ্ছে