গবেষকদের অবসরের বয়স ৬৭ বছর হচ্ছে
বিজ্ঞানী ও গবেষকদের অবসরের বয়সসীমা আট বছর বাড়িয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এ আইন পাস হলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আওতাধীন গবেষকদের অবসরের বয়স ৫৯ বছর থেকে বেড়ে ৬৭ বছর হবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারির চাকরিতে অবসরের বয়সসীমা ৫৭ বছর থেকে দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়। এছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের অবসরের বয়স বাড়িয়ে করা হয় ৬৫ বছর।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “গবেষকদের বিশেষায়িত জ্ঞান কাজে লাগাতেই তাদের অবসরের বয়স বাড়িয়ে ৬৭ বছর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
তিনি জানান, ১৯৭৮ সালে এক অধ্যাদেশের মধ্য দিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ গঠিত হয়েছিল। প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল করতে ওই অধ্যাদেশ সংশোধন করে একে একটি আইনি কাঠামো দেয়া হচ্ছে।
এতে আইনটি বাংলায় রূপান্তরের পাশাপাশি বেশ কিছু বিষয়ের নতুন সংজ্ঞাও সংযোজন করা হয়েছে।
সচিব জানান, এ আইন পাস হলে বিজ্ঞানী ও গবেষকদের অনুসন্ধানের সুযোগ বাড়বে। তারা বিষয়ভিত্তিক প্রকল্প নেয়ার সুযোগ পাবেন এবং তাদের কাজ নিয়ে বিজ্ঞান প্রদর্শনী আয়োজনের সুযোগ মিলবে।
অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞানী বা গবেষকদের অবসরের বয়স নিয়ে সিদ্ধান্ত জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞানীদের অবসরের বয়সসীমা পযায়ক্রমে বৃদ্ধি করা হবে।
যেসব মন্ত্রণালয়ের অধীন এসব প্রতিষ্ঠান বা বিজ্ঞানী রয়েছেন, আগামীতে তাদের বিষয়েও মন্ত্রিসভা বৈঠকে সুপারিশ তোলা হবে বলে জানান তিনি।
এর আগে গত মে মাসে এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, শিক্ষা, মৎস্য ও প্রাণী সম্পদ, শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কেও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে সম্পৃক্ত করা হবে।
রাজধানীর এলিফ্যান্ট রোডে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের কার্যালয় সায়েন্স ল্যাবরেটরি নামেই বেশি পরিচিত। তিনটি গবেষণাগার; জ্বালানি, খাদ্য, চামড়া, খণিজ এবং কাচ ও সিরামিক নিয়ে গবেষণার জন্য পাঁচটি ইনস্টিটিউট এবং একটি পাইলট প্ল্যান্ট ও পদ্ধতি উন্নয়ন কেন্দ্র নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালিত হয়।
