বাজারে আসছে দস্তাসমৃদ্ধ নতুন ধান
উচ্চ ফলনশীল এবং কম সময়ে উৎপাদনশীল দস্তাসমৃদ্ধ আমন ধানের নতুন জাত ব্রি-৬২ অবমুক্ত করেছে কৃষি মন্ত্রণালয়।
সোমবার কৃষি মন্ত্রণালয়ে জাতীয় বীজ বোর্ডের সভা শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, দস্তাসমৃদ্ধ এ ধরণের আমন বীজ বাংলাদেশই প্রথম বাজারে ছাড়ল।
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিউটের বিজ্ঞানীরা এ জাত উদ্ভাবন করেছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “ব্রি-৬২ জিএম ধান নয়। দেশীয় ধানের সঙ্গে পরাগায়নের মাধ্যমে এ জাত উদ্ভাবন করা হয়েছে।”
তিনি বলেন, এ ধানের প্রতি কেজি চালে ১৯ মিলিগ্রাম দস্তা (জিংক) এবং ৯ শতাংশ প্রোটিন থাকবে, যা পুস্টিগুণ নিশ্চিত করবে এবং রোগ প্রতিরোধে সহায়তা করবে।
সাধারণত আন্ত্রিক রোগ প্রতিরোধে দস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মকর্তারা জানান, ব্রি-৬২ ফলন দেবে ১০৫ দিনে। আমন মৌসুমের ধান জাতগুলোর মধ্যে এ জাতের ধান উৎপাদনেই সময় লাগবে সবচেয়ে কম।
প্রতি হেক্টরে উৎপাদন হবে চার দশমিক দুই মেট্রিক টন ধান। এর চাল হবে মাঝারি আকারের।
আগামী আমন মৌসুম থেকে এ ধান কৃষক পযায়ে সরবরাহ করা হবে এবং এ ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রচার চালানো হবে বলেও জানান কৃষিমন্ত্রী।
