জমজমাট ‘ঢাকের হাট’
ঢাকি আছেন, আছেন বায়নাকারী; আর শারদ বাতাসে আছে উৎসবের হাওয়া। বাদ্যযন্ত্রের সম্মিলিত মূর্চ্ছনার সঙ্গে শত শত মানুষের পদচারণায় জমে উঠেছে কিশোরগঞ্জের কটিয়াদির ঐতিহ্যবাহী ‘ঢাকের হাট’।
প্রতিবছর দুর্গাপূজা শুরুর তিন দিন আগে থেকে উপজেলা সদরের পুরানবাজারে এই হাট বসে। শনিবার বিকেল থেকে আশেপাশের বিভিন্ন জেলার আনুমানিক চার শতাধিক বাদক নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে ঢাকের হাটে হাজির হয়েছেন।
রোববার বিকেলে হাটে গিয়ে দেখা যায়, বাদকরা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে বাজিয়ে চলেছেন ঢাক, ঢোল, ড্রাম, করতাল, খঞ্জনা, কাশি, মঞ্জুরি কিংবা বাঁশি। তাদের লক্ষ্য, দূর-দূরান্ত থেকে আসা বায়নাকারীদের মন জয়।
পারিশ্রমিক নিয়ে বনিবনা হলে ঢাকির দল বায়নাকারীর সঙ্গে ছুটবে পূজামণ্ডপে। সেখানে তাদের বাদ্য বাজবে বিজয়া দশমী পর্যন্ত। মহাষষ্ঠী থেকে বিসর্জন- ঢাকে কাঠি না পড়লে পূজার আমেজ কি আসে?
সেই থেকে ঢাকের হাটের শুরু। স্বাধীনতার পর থেকে পুরানবাজারে এই হাটের তত্বাবধান করছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সংসদের ইউনিট কমান্ডার মো. মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেকে বলেন, “ঢাকিদের সুযোগ-সুবিধার জন্য আমরা নানা ধরনের ব্যবস্থা নিই। সংসদ কার্যালয়ের ভেতরে অনেকে রাত্রিযাপনও করেন।”
ঢাকি খুঁজতে রোববার বিকেলে বিক্রমপুর থেকে মেলায় আসেন রাম দাশ ও রঞ্জন দাশ। প্রতিবছর এ হাট থেকেই ঢাকি নিয়ে যান তারা।
“এজন্য হাটে ঘুরে ঘুরে বাদকদের বাজনা পরখ করছি,” বললেন রাম দাশ।
“বাজানো পছন্দ হলে আর টাকা-পয়সায় মিল হলে এখান থেকেই মণ্ডপে বাজানোর জন্য ঢাকি নিয়ে যাব।”
ঢাকিরা এবার ৭০-৮০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক হাঁকছেন বলে বায়না করতে আসা বিভিন্ন মণ্ডপের আয়োজকরা জানান।
মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে আসা ‘ঢাকি’ জিতেন্দ্র দাস জানান, গত ২০ বছর ধরে তিনি এ মেলায় আসছেন। এবার তার দল পাঁচজনের।
“দল বায়না করতে হইলে ৮০ হাজার টাকা লাগব,” বলেন জিতেন্দ্র।
গত ১০ বছর ধরে এই হাটে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার কাশীনগরের মন্টু ঋষি। ১০ সদস্যের বাদক দলের জন্য তার চাহিদা এক লাখ টাকা।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার আগে এই হাটে দেখা গেল উৎসবের পরিবেশ। ঐতিহ্যবাহী এ হাট নিয়ে নিজেদের গর্বের কথাও জানালেন কটিয়াদী পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন খান।
“সম্ভবত, দেশে এটাই একমাত্র ঢাকের হাট। সব বাদ্যযন্ত্রের পরিবেশনায় এখানে যে অপূর্ব মূর্চ্ছনার সৃষ্টি হয়, তার তুলনা খুঁজে পাওয়া ভার।”
‘দেশীয় যন্ত্রী’দের এই হাট রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতল কুমার সরকার।
