পুলিশ কর্তার ভাইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ, মামলা হয়নি একদিনেও
ঢাকার এক পুলিশ কর্মকর্তার ভাইয়ের বিরুদ্ধে জমি নিয়ে বিরোধের জেরে মগবাজারে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠার একদিন পেরোলেও এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে রোববার রমনা থানার ওসি বলেছেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।
গত শনিবার রাতে মগবাজারের নয়াটোলার বাসায় শামসুল হক (৬০) নামে একজনের মৃত্যুর পর তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।
ঘটনার পরপরই নিহতের ভাই ফালান মিয়া সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ইমাম হোসেনের ভাই শহীদুল ও মোরশেদসহ কয়েকজন তাদের উচ্ছেদের জন্য হামলা চালালে তার ভাই আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই ২০১৩ সালে শামসুল হকের বাড়ির পাশে একটি জমি কিনে সেখানে বসবাস করে আসছেন।
“তাদের সাথে প্রথমদিকে সাময়িক সমস্যা থাকলেও পরে তা মিটমাট হয়ে যায় এবং যে যার মতো বসবাস করতে থাকে।”
তার ভাইয়ের বিরুদ্ধে শামসুল হকের উপর হামলার অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি বলেন, “তাদের সাথে এমনই সম্পর্ক ছিল যে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত শামসুল হক হাসপাতালে থাকার সময় তার চিকিৎসার জন্য অর্থও দেওয়া হয়।”
তবে তার ভাইয়ের সঙ্গে শামসুল হকের পরিবারের দ্বন্দ্ব থাকার ইঙ্গিত মেলে পুলিশের উপ-কমিশনার ইমাম হোসেনের কথায়।
“শামসুল হক অসুস্থ হওয়ার পর তারা তার ভাইয়ের কাছে মোটা অংকের টাকা দাবি করেছিল,” বলেছেন তিনি।
এ বিষয়ে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, নিহতের ভাই ও ছেলে মারধরের অভিযোগ করলেও প্রাথমিক তদন্তে তার কোনো সত্যতাও পাওয়া যায়নি।
“শামসুল হকের স্ত্রী আমাদের বলছে, বাথরুমে পড়ে তিনি আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে জানায়।”
হত্যার অভিযোগ উঠলেও মামলা না হওয়ার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “হত্যার অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মামলা না করার কারণ জানতে চাইলে নিহতের ভাই ফালান মিয়া রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই মারা গেছে আমদের মানসিকতা এখন ভাল নেই। পরে কথা বলব।”
