২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে অভিযানে গোলাগুলিতে আনসার নিহত

রাঙ্গামাটির বিলাইছড়ি সীমান্তে অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন; সেনা সদস্যদের সঙ্গে ওই অভিযানে অংশ নেয় আনসার বাহিনী।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 12:06 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

পুরনো খবর:

পাহাড়ে সেনা অভিযান: অস্ত্র, গোলাবারুদ উদ্ধার
রাঙামাটির পাহাড়ে সেনা অভিযানে গোলাগুলি

রোববার দুপুরে রুমা জোনের গহীন জঙ্গলে সেপ্রপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআর’র সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসী দলটি টিকতে না পেরে পালিয়ে যায়।

“এসময় যৌথ বাহিনীর টইল দলে থাকা একজন স্থানীয় মুরং আনসার ভিডিপি সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। অপর এক সেনা সদস্য ও এক আনসার সদস্য সামান্য আহত হন।”

হতাহতদের বিস্তারিত পরিচয় জানায়নি আইএসপিআর।

এর আগে রুমা থানার ওসি শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “‘যৌথ অভিযান’ চলার সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দুই সেনা সদস্য ও এক আনসার সদস্য আহত হয়েছেন।”

কেওকারাডং পাহাড় এলাকার ফল ব্যবসায়ী তলুং বম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনেছেন তিনি।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে ছয় পর্যটকের একটি দল বান্দরবানে গিয়ে ঘুরতে ঘুরতে ৩ অক্টোবর বিকালে রাঙামাটির বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নের বড়থলির নতুন পুকুর এলাকা থেকে অপহৃত হন বলে স্থানীয়রা জানান।

পরে তাদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন অপহৃতদের পরিবারের সদস্যরা।

প্রায় দুসপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি দুই পর্যটক ও তাদের দুই গাইডের। কী কারণে অপহরণ করা হয়েছে তাও জানে না তাদের পরিবার; চাওয়া হয়নি মুক্তিপণও।

এই অপহৃত দুই পর্যটক ও তাদের দুই গাইডের খোঁজে বিভিন্ন এলাকায় অভিযান চলছে বলে এর আগে জানিয়েছিলেন বান্দরবান বিজিবি ক্যাম্পের কমান্ডার কর্নেল ওয়ালি।