২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির পাহাড়ে সেনা অভিযানে গোলাগুলি

রাঙ্গামাটির বিলাইছড়ি সীমান্তে সেনা ও আনসার বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির খবর দিয়েছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 04:49 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান, রোববার দুপুরে ভারতের মিজোরাম সীমান্তবর্তী উপজেলার ফারুয়া ইউনিয়নের বড়থলি গ্রামে এঘটনা ঘটে।

ওসি শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “‘যৌথ অভিযান’ চলার সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দুই সেনা সদস্য ও এক আনসার সদস্য আহত হয়েছেন।”

তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

কেওকারাডং পাহাড় এলাকার ফল ব্যবসায়ী তলুং বম (৩০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনেছি।”

গত ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে ছয় পর্যটকের একটি দল বান্দরবানে গিয়ে ঘুরতে ঘুরতে ৩ অক্টোবর বিকালে রাঙামাটির বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নের বড়থলির নতুন পুকুর এলাকা থেকে অপহৃত হন বলে স্থানীয়রা জানান।

পরে তাদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন অপহৃতদের পরিবারের সদস্যরা।

প্রায় দুসপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি দুই পর্যটক ও তাদের দুই গাইডের। কী কারণে অপহরণ করা হয়েছে তাও জানে না তাদের পরিবার; চাওয়া হয়নি মুক্তিপণও।

এই অপহৃত দুই পর্যটক ও তাদের দুই গাইডের খোঁজে বিভিন্ন এলাকায় অভিযান চলছে বলে এর আগে জানিয়েছিলেন বান্দরবান বিজিবি ক্যাম্পের কমান্ডার কর্নেল ওয়ালি।

এর মধ্যে বৃহস্পতিবার ভোরে রুমা সেনা জোনের নেতৃত্বে পরিচালিত এক ‘যৌথ অভিযানে’ গোলাগুলির পর আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিবিধ সামরিক সরঞ্জাম উদ্ধার হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

পুরনো খবর:

পাহাড়ে সেনা অভিযান: অস্ত্র, গোলাবারুদ উদ্ধার