গোপালগঞ্জে অটো-মাইক্রো সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জ সদরে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার হরিদাসপুর নিমতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় অন্তত তিন জন আহত হয়েছেন বলে জানান গোপালগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ইব্রাহিম।
নিহতরা হলেন- উপজেলার পাইকান্দি গ্রামের রাশিদা বেগম (৬০) ও একই উপজেলার বিজয়পাশা গ্রামের মৃত ফটিক মোল্লার ছেলে অটোরিকশার চালক কামরুল মোল্লা (৩৫)।
আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সার্জেন্ট ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপালগঞ্জগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কামরুল ও রাশিদার মৃত্যু হয়।
