২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন চাকার পক্ষে ইনু

তিন চাকার যান চলাচলের পক্ষে অবস্থান জানিয়ে এর চালকদের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 05:22 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

পুরনো খবর:

মহাসড়কে অটোরিকশা বন্ধে অনড় মন্ত্রী
অটোরিকশা নিষিদ্ধ ২২ মহাসড়কে

মহাসড়কে নসিমন-করিমনসহ তিন চাকার সব যান চলাচল নিষিদ্ধের প্রতিবাদে রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক সংগ্রাম পরিষদ আয়োজিত এক জাতীয় কনভেনশনে এই আশ্বাস দেন তিনি।

দুর্ঘটনার জন্য ছোট যানগুলোকে দায়ী করে বাস ও ট্রাক চালক-মালিকদের দাবির প্রেক্ষাপটে কয়েক মাস আগে সড়ক পরিবহন মন্ত্রণালয় মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করে।     

জাসদ সভাপতি সভাপতি ইনু সংশ্লিষ্ট সরকারি বিভাগের উদ্দেশে বলেন, “যদি তিন চাকার অটোরিকশা মহাসড়কে নিরাপদ নাই হয়, তবে লাইসেন্স দিয়েছেন কেন?

“সরকারের আদেশ এবং আপনাদের লাইসেন্সের সঙ্গে যদি কোনো দ্বন্দ্ব-বিরোধ থাকে, তবে সেটাও পুনর্বিবেচনা করতে হবে।”

“আমি অটোরিকশা, নসিমন, করিমন চলাচল ও তার স্থায়ী সমাধানের জন্য বিষয়টি মন্ত্রিপরিষদে উত্থাপন করব। এ বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব,” বলেন মন্ত্রী ইনু।

Image
মাওয়া মহাসড়কে এই দৃশ্যটি গত অগাস্টে অটোরিকশা চলাচল নিষিদ্ধের আগের।

মাওয়া মহাসড়কে এই দৃশ্যটি গত অগাস্টে অটোরিকশা চলাচল নিষিদ্ধের আগের।

তিনি বলেন, “ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মহাসড়কের পাশে তিন চাকার গাড়ি চলাচলের জন্য জায়গা রাখতে। তিনি আমাকে বলেছেন, মহাসড়কোর পাশে কীভাবে তিন চাকার যান চলাচল করানো যায়, সেটাও তিনি চিন্তা করছেন।”

গ্রামীণ অর্থনীতিতে তিন চাকার যানের গুরুত্ব তুলে ধরে জাসদ সভাপতি বলেন, গ্রামের কৃষকরা তার উৎপাদিত পণ্য এই নসিমন-করিমনের মাধ্যমে দ্রুত বাজারজাত করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে এই নসিমন-করিমন বিশেষ ভূমিকা রাখছে।

“হরতাল-অবরোধ ও আগুন সন্ত্রাসের সময় যখন বাস-ট্রাক বন্ধ ছিল, তখন এই নসিমন-করিমন গ্রামীণ অর্থনীতির চাকা সচল রেখেছিল।”

অটোরিকশা মালিক-চালকদের জাতীয় কনভেনশনে জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধানও বক্তব্য রাখেন। সংগঠনের আহ্বায়ক গোলাম ফারুকের সভাপতিত্বে এই কনভেনশনে শ্রমিক নেতারাও ছিলেন।