২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের দাবি পর্যালোচনা হচ্ছে: প্রতিমন্ত্রী

অষ্টম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের সিলেকশন গ্রেড পুনর্বিবেচনার কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 06:32 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

শনিবার দুপুরে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত তিন দিনব্যাপী কমিউনিটি ভলেন্টিয়ার জাম্বুরির উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ও পদমর্যাদা বৈষম্যের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

“এটা তেমন কোনো সমস্যা নয়। কিছু সমন্বয়ের প্রশ্ন আছে, এটা থাকবে না। শিগগিরই এর সমাধান হবে।”

নতুন বেতন স্কেলে বৈষম্য ও মর্যাদা অবনমনের অভিযোগ তুলে গত তিন মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবির বিষয়টি পর্যালোচনা করতে সরকার ইতোমধ্যে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে।

অষ্টম বেতন কাঠামোতে ‘সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপক’ পদটি বিলুপ্ত করে সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপক ও জ্যেষ্ঠ অধ্যাপকদের সচিবদের সমান গ্রেড-১ দেওয়া হয়েছে।

অন্যদিকে জ্যেষ্ঠ সচিবদের জন্য নতুন একটি বিশেষ গ্রেড তৈরি করা হয়েছে।

গ্রেড-১ এ জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে ২৫ শতাংশ শিক্ষকের জন্য ‘সুপার গ্রেডের’ দুই নম্বর ধাপে বেতন-ভাতা চেয়েছেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে সরকারের পদমর্যাদাক্রম অনুযায়ী শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করা এবং ‘সরকারি কর্মকর্তাদের অনুরূপ’ সুযোগ-সুবিধা তারা চেয়েছেন।

প্রতিমন্ত্রী মান্নান বলেন, “নতুন পে-স্কেলের জিও জারির ড্রাফটিংয়ের কাজ চলছে। এ মাসের শেষ সপ্তাহে তা প্রকাশ করা হবে।”

এছাড়া বেতন কাঠামোতে ‘ফিক্সিংয়ের কাজও টেকনিক্যাল এক্সপার্টরা’ করে যাচ্ছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মহাপরিচালক আনিস মাহমুদ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আল আমিন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার নূরে আলম মিনা প্রমুখ বক্তব্য দেন।