বিরোধের জেরে কান কর্তন
বড় ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকের দুই কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার সদর উপজেলার কাঞ্চনপুরে এ হামলায় আহত মামুন মিয়াকে (২২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামুনের স্বজনদের বরাত দিয়ে সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আট মাস আগে সদর উপজেলার কাছাইট গ্রামের সাঈদ মিয়ার সঙ্গে একই গ্রামের এক মোবাইল ফোন মেরামতকারীর বিরোধ বাধে।
ওই সময় মামুনের ভাই হুমায়ূন মিয়া বিরোধ মেটাতে গেলে তার সঙ্গে সাঈদের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে হুমায়ূন ও সাঈদ একে অপরের সঙ্গে মামলায় জড়িয়ে পড়েন বলে জানান তিনি।
“মামলায় হুমায়ূন ও তার পরিবারের চার সদস্য এক মাস কারাভোগ করেন।”
হুমায়ূন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কারাগার থেকে বের হওয়ার পর সাঈদ আমাদের ক্ষতি করার জন্য বেপরোয়া হয়ে ওঠেন।”
তিনি জানান, শুক্রবার সকালে তার ভাই মামুন কাছাইট গ্রাম থেকে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। কাঞ্চনপুরের মলাই মেম্বারের বাড়ির সামনে মলাই ও সাঈদের অন্য কয়েকজন সহযোগী মামুনকে মারধর করে এবং কান কেটে ফেলে।
এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আকুল চন্দ্র জানান।
