শিক্ষক নেতা সেলিমের জন্য ‘মুক্তি ফান্ড’
বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান মো. সেলিম ভুইয়ার মুক্তির জন্য অর্থ জোগান দিতে তহবিল গঠন করছেন শিক্ষকরা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জাতীয় নির্বাহী কমিটির সভায় এই তহবিল গঠনের সিদ্ধান্ত হয়।
পাশাপাশি রোববার সংবাদ সম্মেলন করে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণারও সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে বাংলদেশ শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক বলেন, “আগামী সাত দিনের মধ্যে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জেলা কমিটিগুলোকে ২০ হাজার টাকা করে এবং এই জোটের কেন্দ্রীয় কমিটির ৪৬৭ জন সদস্যের প্রত্যেককে এক হাজার টাকা করে ফান্ডে জমা দিতে হবে।”
এই ফান্ড দিয়ে সেলিম ভূইয়ার মুক্তির জন্য আইনি লড়াই করা হবে বলে জানান তিনি।
ঐক্য জোটের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় শুক্রবারের সভায়ই অনেক জেলা কমিটির পক্ষ থেকে ফান্ডে টাকা জমা দেওয়া হয়।
তিন ঘণ্টা ধরে চলা ওই সভায় বেশিরভাগ শিক্ষক নেতাই অন্যসব দাবিকে সরিয়ে রেখে সেলিম ভুইয়ার মুক্তির জন্য কর্মসূচি নেওয়াসহ ফান্ড গঠনের দাবি জানিয়ে বক্তব্য দেন।
সরকারের অনুমোদনপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরেই সেলিম ভুইয়ার নেতৃত্বে আন্দোলন করে আসছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
এই জোটের বিভিন্ন কর্মসূচিতে সংহতি জানিয়ে বিএনপি নেতারাও বক্তব্য দিয়েছেন।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান মো. সেলিম ভুইয়াকে গত ২৪ জানুয়ারি আটক করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব দেলোয়ার হোসেন বলেন, “একজন এমপি-মন্ত্রীর থেকে মানুষ যাকে বেশি চেনে সেই শিক্ষক নেতাকে বেয়াদব সরকার গ্রেপ্তার করেছে। শেখ হাসিনার প্রেতাত্মারা তাকে কারারূদ্ধ করে রেখেছে।”
সভায় বিভিন্ন জেলার শতাধিক শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।
