শিক্ষক নেতা সেলিম ভুইয়া কারাফটকে গ্রেপ্তার
বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্য জোটের সভাপতি মো. সেলিম ভুইয়াকে কারাফটক থেকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিন পাওয়ার পর রোববার কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। এরপর কারাফটক থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানান যাত্রাবাড়ি থানার ওসি অবনি শংকর কর।
তিনি বলেন, যাত্রাবাড়ী থানার নাশকতা ও গাড়ি ভাংচুরের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাসির আহমেদ জানান, সেলিম ভুইয়ার বিরুদ্ধে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় যাত্রাবাড়ী থানায় তিনটি মামলা রয়েছে। সম্প্রতি উচ্চ আদালত থেকে তিনি জামিন পাওয়ায় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল।
