বরিশালে পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু
বরিশাল শহরে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে সিঅ্যান্ডবি রোডের কৃষি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আতাউর রহমান জানান।
নিহত মঈন ইদ্রিসের (২৫) বাড়ি সদর উপজেলার সাহেবের হাট সিংহেরকাঠী গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রূপাতলী থেকে নথুল্লাবাদগামী একটি পিকআপ ভ্যান মঈনকে ধাক্কা দিয়ে চলে যায়।”
স্থানীয়রা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঈনকে মৃত ঘোষণা করেন বলে জানান আতাউর।
পুলিশ পিকআপটি নিজেদের হেফাজতে নিলেও চালক পালিয়েছে বলে জানান তিনি।
