২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের সহকারী শিক্ষকদের অনশন, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ‘বেতন বৈষম্য’ দূর করাসহ ছয় দফা দাবিতে প্রতীকী অনশন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সহকারী শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 12:22 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

এ দাবিতে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন শুরু করেন শিক্ষকরা। এরপর দুপুরে সেখান থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করার কথা থাকলেও পুলিশের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত তা হয়নি।

পরে আন্দোলনরত শিক্ষকদের পক্ষে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।

ঘোষিত স্কেলে একাদশ গ্রেডে বেতন প্রাপ্তি, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ দেওয়া, নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং সব প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত চালুসহ ছয় দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন প্রাথমিক শিক্ষকরা।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তা নবম গ্রেডে বেতন পান। তার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দশম গ্রেডে বেতন পান এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একাদশ ও দ্বাদশ গ্রেডে বেতন পান। সহকারী শিক্ষকেরা বেতন পান চতুর্দশ ও পঞ্চদশ গ্রেডে।

আন্দোলনরত শিক্ষকদের অন্যতম মুখপাত্র শাহীনুর আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৭৩ সালের বেতন স্কেলে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের ধাপেই ছিলেন। ১৯৭৭ সালে এতে পরিবর্তন আনা হয়। পরে ২০১৪ সালের মার্চে গ্রেড বাড়ানোর সময় প্রধান শিক্ষকদের দুই ধাপ বাড়ানো হলেও সহকারীদের বাড়ানো হয় এক ধাপ। এ কারণে সহকারী শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকদের বেতনে তিন ধাপ পার্থক্য তৈরি হয়েছে।

“নতুন বেতন স্কেলে গ্রেডের ক্ষেত্রে উঠা-নামা না হলেও তিন ধাপের যে বৈষম্য আছে তা দূর করার দাবি জানাচ্ছি আমরা।”

কর্মসূচিতে সারাদেশের কয়েকশ’ শিক্ষক অংশ নেন বলে আয়োজক সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্যজোটের নেতারা জানিয়েছেন।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের সঙ্গে ‍সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল হক আলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আবু সালেহ সিকান্দার।

এসময় ঢাবি উপাচার্য প্রাথমিকের শিক্ষকরা ‘ভিত্তি তৈরির কাজ করেন’ উল্লেখ করে তাদের সম্মান-মর্যাদা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

“শিক্ষা কার্যক্রম চালু রেখেই শিক্ষকরা দাবি আদায় করতে চাচ্ছেন, এটা প্রশংসার যোগ্য,” বলেন আরেফিন সিদ্দিক।

অধ্যাপক আখতারুজ্জামান প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষকরা তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে সামনের দিকে উঠতে চাচ্ছেন, সেটা মেনে নিতে সমস্যা কোথায়?”

অনশন চলাকালে দেওয়া বক্তব্যে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য ফ্রন্ট সভাপতি ইউ এস খালেদা আকতার বলেন, “গাধার মতো খেটে, কাঁধে বোঝা নিয়ে আমরা কাজ করি, আমাদের উপর এ বৈষম্য কোনোভাবে মেনে নেওয়া যায় না।”

বেতন বৈষম্য বিদ্যালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীর পরিবেশ তৈরি করেছে দাবি করে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান বলেন, “এটা নিন্দাজনক। সরাসরি নিয়োগ পাওয়া একজন প্রধান শিক্ষকের জায়গায় পৌঁছতে আমাদের কমপক্ষে ১৫ বছর সময় লাগে। এটা কী করে হয়?”

অনশনে শিক্ষকরা ‘অষ্টম জাতীয় বেতন কাঠামোতে টাইম স্কেল চালু রাখতে হবে’, ‘শিক্ষার মান চাইলে শিক্ষকের দাবি মেনে নাও’, ‘তিন ধাপ বেতন বৈষম্য মানি না, প্রাথমিক সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি দিতে হবে’ প্রভৃতি শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

দাবি মানা না হলে আগামী ১৩ নভেম্বর বিভাগীয় শহরে একযোগে সমাবেশ ও প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে কালো ব্যাজ ধারণ করবেন বলে জানান আন্দোলনরত শিক্ষকরা।