‘পেটে গজ-ব্যান্ডেজ’, হাসপাতালে ভাঙচুর
অপারেশনের পর পেটে গজ-ব্যান্ডেজ রাখায় মৃত্যুর অভিযোগ তুলে ঝিনাইদহে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সদর উপজেলার নারায়ণ ত্রিমোহনীতে ‘ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এই ঘটনা ঘটে।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, গত ২৭ সেপ্টেম্বর ‘নিউ ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ চামেলীর সিজার অপারেশন হয়।
“অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবার অপারেশন করে পেটের ভেতরে গজ-ব্যান্ডেজ পাওয়া যায় এবং ওই কারণে তার মৃত্যু হয় বলে তার স্বজনেরা অভিযোগ করেন।”
এ অভিযোগে চামেলী খাতুনের স্বজন ও গ্রামবাসী হাসপাতালটিতে ভাঙচুর চালায় বলে জানান ওসি হাসান।
এই হাসপাতালটিও একই মালিকের, যান নাম মুন্সী মো. শাহিন রেজা।
ওসি জানান, হামলার সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। পরে মালিকপক্ষ হাসপাতাল তালাবদ্ধ করে দেয়।
চামেলীর সিজার অপারেশন করেন রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আল মামুন।
তিনি বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “এটা ছিল চামেলীর দ্বিতীয় সিজার। তার নাড়ি আগেই ছেঁড়া ছিল। অপারেশনের পর তিনি ওষুধ না খেয়ে কবিরাজ দেখান। এ কারণে পুঁজ জমে অবস্থা গুরুতর হয়ে পড়েন।”
অপারেশনের পর পেটে গজ-ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগকে তিনি মিথ্যা বলে দাবি করেন।
সিভিল সার্জন আবদুস সালাম বলেন, “খবরটি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
