২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষক’ পরিমলের আত্মপক্ষ সমর্থন পেছালো

ভিকারুন্নেসা নুন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলায় শিক্ষক পরিমল জয়ধরের আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে ২১ অক্টোবর রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 02:22 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

বৃহষ্পতিবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি ফোরকান মিয়া জানান, এ মামলায় আসামির আত্মপক্ষ সমর্থনে শুনানির জন্য দুপক্ষের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বিচারক মামলার সাক্ষ্য ও অন্যান্য বিষয়ে পর্যালোচনা করে শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করেন।

আসামির আইনজীবী মাহফুজ মিয়া জানান, ওই দিন নিজেকে নির্দোষ দাবি করে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় ফাঁসানো হয়েছে বলে বক্তব্য দেবেন পরিমল।

মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে প্রথম ধর্ষণ করেন পরিমল। ওই সময় ছাত্রীর নগ্ন ভিডিও চিত্র মোবাইলে ধারণ করা হয়। তাকে জিম্মি করে পরিমল ১৭ জুন আবারও ধর্ষণ করেন।

৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় পরিমল জয়ধর, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে আসামি করে মামলা করেন।

২০১১ সালের ৬ জুলাই পরিমলকে কেরাণীগঞ্জে তার স্ত্রীর বড় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। কিন্তু রিমান্ড শেষ হওয়ার আগেই ১১ জুলাই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দেন তিনি।

১৭ জুলাই নির্যাতিত পরিমলকে অভিযুক্ত করে আদালতে ২২ ধারায় জবানবন্দী দেয় ওই ছাত্রী ।

২০১৩ সালের ৭ মার্চ পরিমলের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ওই দিন অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং লুৎফর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

পুরনো খবর:

পরিমলের ছাত্রী ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে