পরিমলের ছাত্রী ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ শুরুর মধ্য দিয়ে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে চলে এসেছে।
বৃহস্পতিবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করেন মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার তৎকালীন পরিদর্শক এস এম শাহাদাত হোসেন।
মামলার বাদীর ব্যক্তিগত আইনজীবী জিল্লুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিমলের আইনজীবী শাহাদাত হোসেনকে জেরা শুরু করলেও তা শেষ করতে আগামী রোববার পর্যন্ত সময় পেয়েছেন।
আসামির আইনজীবীর জেরার উত্তরে শাহাদাত বলেন, তিনি মোবাইল ফোনে ধর্ষণের কোনো ছবি বা ভিডিওচিত্র পাননি। তিনি ওই মোবাইল ফোনটি জব্দ করেছিলেন।
এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আইনজীবী।
এর আগে গত বছরের ১২ অগাস্ট শিক্ষক পরিমলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে উল্টো তার পক্ষ নিয়ে সাক্ষ্য দেওয়ায় একই প্রতিষ্ঠানের শিক্ষক বাবুল কুমার কর্মকারকে বৈরী ঘোষণা করে রাষ্ট্রপক্ষ।
২০১৩ সালের ৭ মার্চ পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ধর্ষণের মামলায় ২০১২ সালের ৬ জুলাই পরিমল জয়ধরকে কেরানীগঞ্জে তার স্ত্রীর বড় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
