২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে একে ৪৭ রাইফেল উদ্ধার, গ্রেপ্তার ৩

বান্দরবান শহরের একটি আবাসিক হোটেল থেকে তিনটি একে ৪৭ রাইফেল ও দুইটি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করছে র‌্যাব।  

চট্টগ্রাম ব্যুরো

বান্দরবান প্রতিনিধি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 01:28 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

বান্দরবান থানার এসআই মো. খায়রুল জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ‘মাস্টার গেস্ট হাউস’ নামের একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন লাল পিয়াল থা বম (৪৮), বা মু বম (৪৫) ও সিন থাই চাকমা (৪৪)।

প্রথম দুইজনের বাড়ি বান্দরবানের রুমা এবং তৃতীয় জনের বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলায় বলে জানান এসআই খায়রুল।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছ থেকে তিনটি একে ৪৭ রাইফেল, দুটি বিদেশি পিস্তল ও পিস্তলের দুটি ম্যাগজিন পাওয়া গেছে।

তিনজনই অস্ত্র বিক্রেতা বলে দাবি করেন তিনি।

বান্দরবান থানার ওসি রফিক উল্লাহ জানান, অভিযানটি চালানো হয়েছে র‌্যাবের নেতৃত্বে। বান্দরবান থানা পুলিশ তাদের সহায়তা করেছে।

আটক তিন ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।