দুটি ‘আরবান হেলথ সেন্টার’ বন্ধ করেছে সিসিসি
চট্টগ্রাম নগরীর দুইটি ‘আরবান হেলথ সেন্টার’ বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
চলতি মাসের ৮ অক্টোবর সিসিসি স্ট্যান্ডিং কমিটির সভায় দক্ষিণ বাকলিয়া ও কাউন্সিলরদের পরামর্শে পূর্ব মাদারবাড়ি আরবান স্বাস্থ্য কেন্দ্র দুটি বন্ধের সিদ্ধান্ত হয়।
বুধবার ওই কেন্দ্র দুটিতে শেষ দিনের মতো সেবা দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে কেন্দ্র দুটিতে আর সেবা দেওয়া হবে না। বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিসিসির সচিব রশিদ আহমদ।
তিনি বলেন, “এডিবির অর্থায়নে প্রকল্পের অধীনে নগরীর আরবান হেলথ কেয়ার সেন্টারগুলো পরিচালিত হয়ে আসছিল। ২০১২ সালে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অর্থায়নও বন্ধ ছিল। পরবর্তীতে সিসিসির অর্থায়নে এতদিন এসব কেন্দ্র পরিচালিত হয়ে আসছে।
“রোগীর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে এসব স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। নগরবাসীর অনাগ্রহের কারণে আমরা এসব স্বাস্থ্যকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।”
প্রকল্পের মেয়াদ বাড়াতে এডিবির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে আগ্রহ দেখায়নি বলেও জানান তিনি।
সিসিসি’র ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেসব ওয়ার্ডে দুটি করে স্বাস্থ্যকেন্দ্র আছে সেসব ওয়ার্ডে একটি করে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সিসিসি’র অধীনে পরিচালিত মোট ৬০টি আরবান হেলথ কেয়ার সেন্টারের মধ্যে গুরুত্ব বিবেচনায় আরও কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র পর্যায়ক্রমে বন্ধ করা হবে বলে জানান তিনি।
নগরীর ৪১টি ওয়ার্ডে স্থাপিত এসব স্বাস্থ্য কেন্দ্রে ১০ টাকার বিনিময়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং নারী ও শিশু স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
