‘বিরিয়ানি খেয়ে’ ২ বোনের মৃত্যু, মা-বাবা অসুস্থ
কক্সবাজারের চকরিয়ার একটি রেস্টুরেন্ট থেকে কেনা খাবার খাওয়ার পর দুই সহোদরা শিশুর মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছেন তাদের বাবা ও মা।
মঙ্গলবার রাতে তারা অসুস্থ হয় এবং বুধবার হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানান পেকুয়া থানার ওসি আব্দুর রকিব।
মৃতরা হলো কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা এলাকার মিজানুল হকের মেয়ে তানজিলা জান্নাত মাহি (৭) ও সানজিদা ইয়াসমিন মিলি (৪)।
অসুস্থ মিজানুল হক ও তার স্ত্রী ইয়াসমিন আকতারকে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি আব্দুর রকিব জানান, মঙ্গলবার বিকালে পেকুয়া যাওয়ার সময় চকরিয়ার ‘ক্যান্ডি’ নামের একটি রেস্টুরেন্ট থেকে মিজানুল হক তিনটি বিরিয়ানির প্যাকেট কিনে নেন।
“পাঁচ ঘণ্টা পর বাড়ি পৌঁছে তারা ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তাদের প্রচণ্ড বমি ও পাতলা পায়খানা শুরু হয়।”
তিনি বলেন, পরিবারের লোকজন রাতেই তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাদের চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়।
“বুধবার সকালে সানজিদার ইয়াসমিন মিলির মৃত্যু হয়। এরপর তানজিলা জান্নাত মাহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানে তারও মৃত্যু হয়।”
ওসি বলেন, দুই শিশুর মৃত্যুর কারণ একই বলে একজনের মৃতদেহ ময়নাতদন্তের সিদ্ধান্ত হয়েছে। ময়নাতদন্তের জন্য তানজিলা জান্নাত মাহীর মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কোন রেস্টুরেন্ট থেকে এ বিরিয়ানি কেনা হয়েছে এবং খাবারের বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছে কি না তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আব্দুর রকিব।
