তাভেল্লার মরদেহ হস্তান্তর, ইতালি যাচ্ছে রাতে
রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লার মরদেহ তার দেশের দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাতেই তার মরদেহ নিয়ে ইতালির পথে রওনা হওয়ার কথা রয়েছে দূতাবাসের কর্মকর্তাদের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার ঢাকার ইতালীয় দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গেলে মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতালির কনস্যুলার অ্যাটাশে ডেনিল পাওলো নোটারো এবং গিওভানি চিয়ানি মরদেহ বুঝে নিয়েছেন।”
তাভেল্লার মরদেহ ইতালিতে নিতে দূতাবাসের পক্ষ থেকে ‘হোমবাউন্ড সিকিউরিটি’ নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম।
“ময়না তদন্ত প্রতিবেদন, মৃত্যুসনদ নেওয়াসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারা হোমবাউন্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। তাভেল্লার মরদহে নিয়ে তারা রাত সাড়ে ৯টার দিকে ইতালি রওনা হবেন।”
চেজারে তাভেল্লা আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়না তদন্ত হওয়ার পর থেকে তার মরদেহ সেখানেই রাখা হয়েছিল।
হত্যাকাণ্ডের পর আইএস হত্যার দায় স্বীকার করেছে বলে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ খবর দিলেও তার কোনো ভিত্তি নেই বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইএসের নামে যে টুইট করা হয়েছে তা বাংলাদেশ থেকেই হয়েছে।
