সড়কের ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা
সড়ক ও জনপথ বিভাগের অব্যবহৃত জমি ব্যবস্থাপনায় একটি সমন্বিত নীতিমালায় সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫’ এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, হাইওয়ের পাশে কিছু অব্যবহৃত জমি থাকে, সেগুলো ব্যবস্থাপনার জন্য এই নীতিমালা।
“এই জমি ব্যবহারের জন্য করা একটি নীতিমালায় ৮ অধ্যায় ও ২৪টি অনুচ্ছেদ আছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের যে সব ভূমি রয়েছে, এগুলোর তথ্য ডিজিটাল ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে সংরক্ষণ করা হবে।”
তিনি বলেন, সড়ক ও জনপথের অব্যবহৃত জায়গায় পেট্রোল পাম্প, ডিজেল পাম্প এবং সিএনজি স্টেশন যেগুলো আছে, সেগুলো থাকবে।
“নতুন করে কোনো পেট্রোল পাম্প, ডিজেল পাম্প এবং সিএনজি স্টেশন স্থাপন করা যাবে না। তবে ব্যক্তিগত জায়গায় করা পাম্পের করিডোর চাইলে দেওয়া যেতে পারে।”
অনুমোদন নিয়ে সড়ক দ্বীপে ভাস্কর্য স্থাপন করা যাবে। যাত্রীদের জন্য যাত্রী ছাউনি নির্মাণের অনুমতি দেওয়া যাবে। ইজারার এককালীন বা বাৎসরিক ফি দিতে হবে।
“বিলবোর্ড, ডিজিটাল টিভি, স্ক্রল ভিশন স্থাপনের অনুমতি দেওয়া যাবে। মৎস্য চাষ, কৃষি কাজ, সামাজিক বনায়ন ইত্যাদির জন্ ইজারা দেওয়া যাবে। যাত্রা বিরতির জন্য বিশ্রামাগার স্থাপন করা যাবে।”
কেউ যদি শর্ত ভঙ্গ করে তার জন্য প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে এই বছরের ৮ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই নীতিমালা মন্ত্রিসভায় উপস্থাপন করে। মন্ত্রিসভা এই নীতিমালা সংশোধনের জন্য পাঠায়।
২০০৪ সালের সিএনজি, পেট্রোল পাম্প স্থাপনের সুযোগ দেওয়ার নীতিমালা এবং ২০০৫ সালের সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিজমা সংক্রান্ত ব্যবস্থাপনা নীতিমালা সমন্বিত করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নীতিমালাটি মন্ত্রিসভায় উপস্থাপিত হয়েছিল।
