জামিন হয়নি মুজিবর-পরওয়ারসহ ১৩ জনের
রাজধানীর পল্লবী থানার দুই মামলায় জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ার ও মুজিবুর রহমানসহ ১৩ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।
ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা সোমবার তাদের জামিন আবেদন নাকচ করেন।
আসামিদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন তাদের আইনজীবী আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার।
জামায়াতের ওই ১৩ নেতাকর্মী হলেন-খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ার, রাজশাহী-১ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান, কাফরুল থানা জামায়াতের সভাপতি তসলিম আলম, আবুল কালাম আজাদ, মো. মুনসুর রহমান, মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এবিএম নূরউল্লাহ (মোহাম্মদউল্লাহ), মো. আবুল হাশেম, মো. সাব্বির, মজিবুর রহমান, হারুনুর রশিদ ও মো. আশরাফুল আলম ইকবাল।
গত ৭ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১১ এর সি ব্লকের ১০ নম্বর রোডের ৪ নম্বর বাসায় গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর সাবেক দুই এমপিসহ এই ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পল্লবী থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি লাঠি ও ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়।
পরদিন পল্লবী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় তাদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির।
এরপর ১২ সেপ্টেম্বর পল্লবী থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাদের আরও একদিনের রিমান্ডে নেওয়া হয়।
